‘হারুণার রশিদ খান মুন্নুর আদর্শ ও অনুপ্রেরণা সম্পর্কে শিক্ষার্থীদের জানতে হবে’

‘হারুণার রশিদ খান মুন্নুর আদর্শ ও অনুপ্রেরণা সম্পর্কে শিক্ষার্থীদের জানতে হবে’

ফন্ট সাইজ:

শিক্ষার মান উন্নয়ন এবং আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। শুক্রবার দুপুরে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হলো- কোনো শিক্ষার্থী যাতে অর্থাভাব বা অন্য কোনো কারণে পড়াশোনা থেকে ঝরে না পড়ে, বরং প্রতিটি শিশু যেন তার কাঙ্ক্ষিত শিক্ষা নিশ্চিত করতে পারে। এ জায়গায় প্রকৃত উন্নয়ন সাধিত হলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ আরও বেশি উজ্জ্বল ও নিরাপদ হবে। প্রাতিষ্ঠানিক শিক্ষার মান যত উন্নত হবে, শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম বা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির পরিধিও তত বেশি বৃদ্ধি পাবে উল্লেখ করে তিনি এই লক্ষ্য অর্জনে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে খাদ্যমন্ত্রী তার বাবা, সাবেক মন্ত্রী মরহুম হারুণার রশিদ খান মুন্নুর স্মৃতিচারণ করেন।

তিনি বলেন, মরহুম হারুণার রশিদ খান মুন্নু শুধুমাত্র তোমাদের জন্যই এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন। এখান থেকেই তোমরা যোগ্য মানুষ হয়ে নিজেদের গড়ে তুলবে। প্রতিষ্ঠানের ঐতিহ্য ও গৌরবময় ইতিহাস নতুন শিক্ষার্থীদের জানাতে শিক্ষকদের অনুরোধ জানিয়ে মন্ত্রী আরও বলেন, আমার বাবার সারা জীবনের কষ্ট ও অক্লান্ত পরিশ্রমের ফলেই আজ প্রতিষ্ঠানটি এই অবস্থানে এসে পৌঁছেছে। এই ইতিহাস জানা থাকলে শিক্ষার্থীরা তার আদর্শ ও অনুপ্রেরণা সম্পর্কে ধারণা পাবে, যা প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নিতে সাহায্য করবে। দেশের দূর-দূরান্ত ও বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষার্থীদের উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীরা যে পারফরম্যান্স বা পরিবেশনা দেখিয়েছে, তা সত্যিই ভীষণ সুন্দর। তিনি এই প্রতিভাগুলোকে চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ না রেখে জাতীয় পর্যায়ে ছড়িয়ে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। মন্ত্রী বলেন, এখানকার শিক্ষার্থীরা নাচ, গানসহ নানা বিষয়ে এত চমৎকার পারফর্ম করে থাকে। তবে সেটা জাতীয় পর্যায়ে নিয়ে যেতে হবে।

সারা বাংলাদেশের মানুষ দেখুক যে, আমাদের এই স্কুল অ্যান্ড কলেজের ছাত্র-ছাত্রীরা পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও কতোটা দক্ষ ও মেধাবী। মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. খায়রুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলী এবং স্কুল অ্যান্ড কলেজের চিফ কো-অর্ডিনেটর রহমত আরা লস্কর, মানিকগঞ্জ সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, দেবেন্দ্র কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদ হাসান, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মিনহাজ মিয়া। এর আগে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছালে তাকে ফুলেল অভ্যর্থনা জানিয়ে বরণ করা হয়।