শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের অবদান, একাডেমিক সাফল্য, প্রশাসনিক দক্ষতা, গবেষণা ও সামাজিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা-২০২৬’ পেয়েছেন ভোলার লালমোহনের সরকারি শাহবাজপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল ইসলাম মোল্লা এলটি। ‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৬’ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন। প্রায় ৩১ বছরের সরকারি চাকরি জীবনে শিক্ষকতা, শিক্ষা প্রশাসন, গবেষণা, পাঠ্যপুস্তক প্রণয়ন, স্কাউটিং ও সামাজিক কর্মকাণ্ডে তার বহুমুখী অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা অর্জন করেন। ড. শফিকুল ১৯৬৯ সালের ১লা জানুয়ারি টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন।
শৈশব-কৈশোর কাটে সিলেটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক ছাত্র হিসেবে তিনি মৃত্তিকাবিজ্ঞান বিষয়ে ১৯৮৯ সালে অনার্স এবং ১৯৯০ সালে প্রথম শ্রেণিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ২০০৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএসসি থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
