এআই ব্যবহারে ইউনেস্কোকে কৌশল গ্রহণের আহ্বান বাংলাদেশের

এআই ব্যবহারে ইউনেস্কোকে কৌশল গ্রহণের আহ্বান বাংলাদেশের

ফন্ট সাইজ:

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে ইউনেস্কোকে যথাযথ কৌশল গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে সংস্থাটির কর্মপরিধির আওতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ন্ত্রণের প্রক্রিয়া শুরুর বিষয়টি বিবেচনার ওপর গুরুত্ব দেয়া হয়েছে।

গতকাল ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে সংস্থাটির নির্বাহী বোর্ডের ২২৫তম অধিবেশনে বাংলাদেশের জাতীয় বিবৃতি উপস্থাপনকালে এ আহ্বান জানান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। অধিবেশনে সভাপতিত্ব করেন ইউনেস্কো নির্বাহী বোর্ডের সভাপতি কাতারের নাসের বিন হামাদ আল হিনজাব।

বক্তব্যে আবদুল খালেক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার শিক্ষার পথে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে বাস্তবসম্মত পদক্ষেপ নিচ্ছে। শিক্ষার্থীদের বিদ্যালয়ে ভর্তির হার বাড়ানো এবং প্রাথমিক স্তর থেকেই তাদের বিদ্যালয়ে উপস্থিতি ও পড়াশোনা অব্যাহত রাখা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

তিনি বলেন, আধুনিক শিক্ষা একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ ও বহুমাত্রিক গুণাবলিসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলে। এ লক্ষ্য সামনে রেখে জাতীয় শিক্ষাক্রমে ক্রীড়াকে আনুষ্ঠানিক বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি দেশব্যাপী যুব ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে ২০ লাখের বেশি শিক্ষার্থীকে সম্পৃক্ত করা সম্ভব হয়েছে।

জাতীয় বিবৃতিতে মাতৃভাষাকে কেন্দ্রে রেখে বহুভাষিক শিক্ষার প্রসার এবং প্রাথমিক শিক্ষার ভিত্তি সুদৃঢ় করার ওপরও গুরুত্ব দেয়া হয়। এ ছাড়া পুষ্টি ও সামাজিক সহায়তা কাঠামোকে অগ্রাধিকার দেয়া, জলবায়ু-ঝুঁকিপূর্ণ অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ সম্প্রসারণের বিষয়গুলো তুলে ধরা হয়।

বিনামূল্যে শিক্ষার মাধ্যমে নারীর ক্ষমতায়নেও বাংলাদেশ বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে বক্তব্যে উল্লেখ করেন শিক্ষা সচিব।