মালয়েশিয়ায় আগামী ২০২৭ সালের জুন থেকে মাসিক ন্যূনতম মজুরি ১ হাজার ৭০০ রিঙ্গিত থেকে বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত করা হচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ২০২৭ সালের জাতীয় বাজেট উপস্থাপনের সময় এ ঘোষণা দেন। নতুন এই সিদ্ধান্তের ফলে চার মিলিয়নেরও বেশি কর্মী উপকৃত হবেন বলে জানিয়েছেন তিনি। মালয়েশিয়ার সংবাদমাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডে-এর প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষুদ্র, ছোট ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর বার্ষিক বিক্রয় ৫০ মিলিয়ন রিঙ্গিতের কম হলে তারা নতুন ন্যূনতম মজুরি বাস্তবায়ন থেকে অব্যাহতি পাবে।
ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে তাদের ব্যবসায়িক কার্যক্রম ও ব্যয় কাঠামোর সঙ্গে সমন্বয় করার সুযোগ দিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, ন্যূনতম মজুরি বাড়ানোর পাশাপাশি দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে কর্মীদের বেতন কাঠামোতেও সংস্কার আনা হবে। এ লক্ষ্যে আধা-দক্ষ কর্মী ও স্নাতকদের জন্য প্রাথমিক পর্যায়ে মাসিক ২ হাজার ৫০০ রিঙ্গিত ন্যূনতম বেতন চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারের এ উদ্যোগের লক্ষ্য কর্মীদের আয় বৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে বেতনের সামঞ্জস্য নিশ্চিত করা। নতুন মজুরি কার্যকর হলে যোগ্য কর্মীরা বর্তমানের তুলনায় মাসে ৩০০ রিঙ্গিত বেশি পাবেন। তবে ক্ষুদ্র, ছোট ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য নির্ধারিত অব্যাহতির কারণে সব প্রতিষ্ঠানে একই সময়ে নতুন মজুরি কার্যকর নাও হতে পারে।
