তিন বছর পর নয়াদিল্লিতে শুরু হলো বাংলাদেশ ও ভারতের বাণিজ্যবিষয়ক যৌথ কর্মদলের বৈঠক। দুই দিনের এই বৈঠকের প্রথম দিনে ভারতের বন্দর-সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহারের বিষয়টি গুরুত্ব দিয়ে উত্থাপন করেছে বাংলাদেশ। পাশাপাশি আমদানি-রপ্তানির প্রতিবন্ধকতা দূর করা, পণ্যের মানদণ্ডের সমন্বয়, বাণিজ্য সহজীকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। কূটনৈতিক সূত্রে এসব তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার নয়াদিল্লিতে শুরু হওয়া ১৬তম যৌথ কর্মদলের এই বৈঠক শুক্রবারও চলবে। বাংলাদেশের ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয়ের এফটিএ অনুবিভাগের অতিরিক্ত সচিব আয়েশা আক্তার। প্রতিনিধি দলে বাণিজ্য, রেলপথ, পররাষ্ট্র, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন এবং বিএসটিআইয়ের কর্মকর্তারা রয়েছেন।
সূত্রের তথ্যমতে, প্রথম দিনের বৈঠকে বাংলাদেশি পক্ষ মূলত বন্দর-সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহারের ওপর জোর দেয়। পাশাপাশি আমদানি-রপ্তানির ক্ষেত্রে শুল্ক ও অশুল্ক বাধা কমানো, স্থলবন্দর দিয়ে পণ্য চলাচল স্বাভাবিক করা এবং দুই দেশের বাণিজ্যিক যোগাযোগ সহজ করার বিষয়গুলো আলোচনায় আসে। বৈঠকের আগে বাংলাদেশের অগ্রাধিকার হিসেবে এসব বিষয়ই উঠে এসেছিল।
আলোচনায় পণ্যের মানদণ্ডের সমন্বয়, এলসিএসের মাধ্যমে বাণিজ্য সহজীকরণ এবং সরাসরি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যমান বিধিনিষেধ প্রত্যাহারের বিষয়ও আসে। সাফটা’র উৎপত্তির নিয়মসহ বিভিন্ন কারিগরি বাণিজ্য ইস্যু নিয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে।
অন্যদিকে ভারতীয় পক্ষও তুলার সুতার ওপর বাংলাদেশের আরোপিত বন্দর-সংক্রান্ত বিধিনিষেধ নিয়ে আলোচনা করেছে। এ ছাড়া এসিএমপি, পণ্যের মানদণ্ড, রেলওয়ে এবং অভ্যন্তরীণ নৌপথে পণ্য পরিবহনসহ বিভিন্ন বিষয় আলোচনায় এসেছে।
বৈঠকের আলোচনায় দুই পক্ষই নিয়মিত ভিত্তিতে গঠনমূলক সম্পৃক্ততার মাধ্যমে বাণিজ্যসংক্রান্ত সমস্যাগুলো সমাধানের ওপর গুরুত্ব দিয়েছে।
এর আগে ৩ আগস্ট বাংলাদেশ বিভিন্ন দ্বিপক্ষীয় বাণিজ্যবিষয়ক কারিগরি আলোচনা আয়োজনের প্রস্তাব দেয়। এর পরিপ্রেক্ষিতে ১৪ সেপ্টেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ৭ ও ৮ অক্টোবর নয়াদিল্লিতে বাণিজ্যবিষয়ক যৌথ কর্মদলের বৈঠক আয়োজনের বিষয়ে সম্মতি জানায়। পরে সূচি একদিন পিছিয়ে ৮ ও ৯ অক্টোবর বৈঠকের তারিখ নির্ধারণ করা হয়। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে ৭ ও ৮ অক্টোবর বৈঠক হওয়ার কথা থাকলেও প্রতিনিধি দলের যাত্রাসংক্রান্ত কারণে সূচি পরিবর্তন করা হয়।
দুই দেশের বাণিজ্যবিষয়ক যৌথ কর্মদলের সর্বশেষ বৈঠক হয়েছিল ২০২৩ সালের সেপ্টেম্বরে ঢাকায়। তিন বছর পর আবার এই প্রাতিষ্ঠানিক সংলাপ শুরু হলো।
ঢাকা-দিল্লি যৌথ কর্মদলের বৈঠক
ভারতের বন্দর-সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার চায় বাংলাদেশ
কূটনৈতিক রিপোর্টার
অনলাইন
১ ঘন্টা আগে
৯ অক্টোবর (শুক্রবার), ২০২৬, ১২ঃ৪৬ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
