সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর এ পর্যন্ত মোট প্রাণহানি ২৯৪ জনে দাঁড়ালো। গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ৯৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে শুধু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) আরও ২ জনের প্রাণহানি হয়েছে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (৩৮২ জন) হাসপাতালে ভর্তি হয়েছে।
এ ছাড়াও উল্লিখিত সময়ে খুলনা বিভাগে ২৯২ জন, চট্টগ্রাম বিভাগে ২৮০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৩৩ জন, রাজশাহী বিভাগে ২০৬ জন, বরিশাল বিভাগে ১৯৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৫ জন, ময়মনসিংহ বিভাগে ৯৩ জন, রংপুর বিভাগে ৬৪ জন এবং সিলেট বিভাগে ১৫ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। চলতি বছর ১লা জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২৯৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ১৩২ জন মারা গেছেন।
এ ছাড়া উল্লিখিত সময়ে খুলনা বিভাগে ৫৯ জন, বরিশাল বিভাগে ২৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, ময়মনসিংহ বিভাগে ২৩ জন, রাজশাহী বিভাগে ২১ জন, রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত আগস্ট মাসে দেশ জুড়ে ডেঙ্গুতে ৪৩ জনের মৃত্যু হয়েছিল। এরপর সেপ্টেম্বর মাস জুড়ে ডেঙ্গুতে ১৪৮ জনের প্রাণহানি হয়। সবশেষ অক্টোবরের প্রথম ৮ দিনে সারা দেশে ডেঙ্গুতে মোট ৪৯ জনের মৃত্যু হয়েছে।
