চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে করা ১৫ বছরের কনসেশন চুক্তি বাতিল করে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। একই দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন তারা। গতকাল বিকাল সাড়ে ৩টার দিকে বন্দর ভবনের মূল ফটকের কাছে বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বন্দর ভবনের সামনে থেকে শুরু হয়ে নিমতলা বিশ্বরোড মোড় ঘুরে আবার বন্দর ভবনের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের অন্যতম সমন্বয়ক হুমায়ুন কবির বলেন, দুই বছর ধরে তারা এনসিটি পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগের চুক্তি না করার জন্য বিভিন্ন যুক্তি তুলে ধরেছেন। এখন আর যুক্তিতর্ক নয়, তারা সরকারের কাছে আলোচনার পথ তৈরির আহ্বান জানাচ্ছেন। তিনি বলেন, আগামী রোববারের মধ্যে আলোচনার পরিবেশ তৈরি করা না হলে সোমবার অনশন কর্মসূচি পালন করা হবে। সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বন্দরের ওয়ান স্টপ সার্ভিস সেন্টার ভবনের সামনে এ অনশন হবে।
শ্রমিক দলের বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার বলেন, আলোচনা না করে কোনো ধরনের চুক্তি করা হলে বন্দরের শ্রমিক-কর্মচারীরা তা মেনে নেবেন না। তাদের আন্দোলন সরকারের বিরুদ্ধে নয়, বরং যারা সরকারকে ভুল বোঝাচ্ছে তাদের কাছ থেকে সরকারকে বের করে আনার। বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের আরেক সমন্বয়ক ইব্রাহিম খোকন বলেন, তারা বারবার সরকারকে আলোচনার আহ্বান জানিয়েছেন। কিন্তু সেই আহ্বানে সাড়া না দিয়ে একতরফাভাবে চুক্তি করা হয়েছে। এ দিনটি বন্দরের ইতিহাসে কালো দিবস হিসাবে থাকবে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, আলোচনার পথ তৈরি না হলে তারা কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দিতে বাধ্য হবেন। সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি শাহ আলম, সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহা, বন্দর শ্রমিক দলের সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিমসহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে, একই চুক্তির বিরোধিতা করে ঢাকার আগারগাঁওয়ে ইনভেস্ট বাংলাদেশের কার্যালয়ের সামনেও বিক্ষোভ করেছে সিপিবি, বাসদসহ কয়েকটি সংগঠন। বৃহস্পতিবার বেলা ২টা থেকে তারা সেখানে জড়ো হয়ে কর্মসূচি পালন করেন। পরে বেলা পৌনে ৩টার দিকে পুলিশ লাঠি পেটা করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় বলে সিপিবি’র পক্ষ থেকে দাবি করা হয়েছে।
এরআগে, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকায় ইনভেস্ট বাংলাদেশ অডিটোরিয়ামে এনসিটি পরিচালনার জন্য ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের কনসেশন চুক্তি সই হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মনিরুজ্জামান এবং ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান ঈসা কাজিম চুক্তিতে সই করেন।
