ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট কবে থেকে শুরু হবে এবং কোন ধাপে কবে ভোট হবে—তার পূর্ণাঙ্গ সময়সূচি আগামী সোমবার ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। ওইদিন কমিশন সভায় ইউপি নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করা হবে। গতকাল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। বলেন, সোমবার কমিশন সভা রয়েছে। ওই সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচন কবে শুরু হবে এবং কোন ধাপে কবে ভোট হবে, তা জানিয়ে দেয়া হবে।
নির্বাচনের তফসিল কবে ঘোষণা করা হবে, জানতে চাইলে ইসি সানাউল্লাহ বলেন, আমরা তফসিল ঘোষণা করবো না। তফসিল ঘোষণা করবেন জেলা নির্বাচন কর্মকর্তারা। আমরা শুধু পর্বগুলো জানিয়ে দেবো। ইউপি নির্বাচন কবে শেষ হবে এমন প্রশ্নে কমিশনার বলেন, আমরা একদম শুরুর ব্রিফিংয়ে যেমনটা বলেছিলাম আশা করি, সেই সময়ের মধ্যেই আমাদের সব পর্ব শেষ হয়ে যাবে।
রাজনৈতিক সংলাপ কবে শুরু হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মো. সানাউল্লাহ বলেন, সব কাজ হবে, এখন ধারাবাহিকভাবে চলতে থাকবে। এ বিষয়ে সোমবারের কমিশন সভায় আলোচনা হবে বলেও জানান তিনি।
ইউরোপীয় সহযোগিতা বাড়ানোর আলোচনা: ইউরোপীয় রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে পোস্টাল ভোটসহ নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান ইসি মো. সানাউল্লাহ। তিনি বলেন, ইউরোপীয় পর্যবেক্ষণ মিশনের দেয়া সুপারিশের আলোকে বিভিন্ন অংশীজনের জন্য সহযোগিতার সুযোগ নিয়েও আলোচনা হয়েছে।
কমিশনার বলেন, উনারা আর কোনোভাবে সহায়তা করতে পারেন কি না এবং উনাদের কোলাবোরেশানটা তো এই বছরের শেষে শেষ হয়ে যাচ্ছিল। তো উনারাও আমাদেরকে আগ্রহ প্রকাশ করেছেন, আমরাও সাদরে সেটা গ্রহণ করেছি। উনারা যদি এক্সটেন্ডেড কোলাবোরেশানে আমাদের সঙ্গে থাকতে চান।
নির্বাচন কমিশনের সঙ্গে সহযোগিতার ক্ষেত্রগুলো এরইমধ্যে চিহ্নিত রয়েছে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে কমিশনের সক্ষমতা বৃদ্ধি, জনবল, ডিজিটাল সক্ষমতা ও অভিজ্ঞতা বিনিময়ের বিষয় রয়েছে। ভবিষ্যতে যৌথভাবে ভোটার শিক্ষা ও বিভিন্ন ধরনের জনসম্পৃক্ততা কার্যক্রমেও কাজ করার সুযোগ রয়েছে।
ইউরোপীয় অংশীদারদের সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে মো. সানাউল্লাহ বলেন, প্রাথমিকভাবে উনাদের যে আগ্রহটা ছিল, সেটার সঙ্গে আমরাও সহমত পোষণ করেছি, আমরা বরং ওয়েলকাম করেছি। দেখা যাক, আমরা সাবসিকোয়েন্টলি এগুলো নিয়ে কাজ করবো এবং আমরা উই আর হোপফুল যে আমাদের পার্টনার অর্গানাইজেশনগুলোর কোলাবোরেশান এক্সটেন্ডেড হবে।
দেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন ধাপে ধাপে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি।
