বাব আল-মান্দেব প্রণালির আশপাশে তুমুল লড়াই

ফন্ট সাইজ:

ইয়েমেনের বাব আল-মান্দেব প্রণালির আশপাশে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনী এবং হুতি বিদ্রোহীদের মধ্যে তুমুল লড়াই চলছে। লোহিত সাগর উপকূলের গুরুত্বপূর্ণ কৌশলগত অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ ফিরে পেতে সরকারি বাহিনী তাদের সামরিক অভিযান জোরদার করেছে। খবর আল জাজিরার।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় হুতি বিদ্রোহীদের ওপর সামরিক যান চালিয়ে নিয়ে যাচ্ছে ইয়েমেনের সরকারি বাহিনীর সদস্যরা। ইয়েমেন সরকার দাবি করেছে, তাদের যৌথ বাহিনী বাব আল-মান্দেব সংলগ্ন বিস্তীর্ণ এলাকা থেকে হুতিদের হটিয়ে দিয়েছে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর শহর মোখাসহ বেশ কয়েকটি এলাকার পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। তবে এই দাবি প্রত্যাখ্যান করেছে হুতি বিদ্রোহীরা। তাদের দাবি, গত মাসে যেসব অঞ্চলের নিয়ন্ত্রণ তারা নিয়েছিল, সেগুলো এখনো তাদের দখলেই রয়েছে। এদিকে ইয়েমেনে হুতিদের নিয়ন্ত্রিত রাজধানী সানায় হুতি সমর্থকরা ফ্রন্টলাইনে লড়াইরত তাদের যোদ্ধাদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে। এর আগে পশ্চিম উপকূলে সরকারি বাহিনীর বিভিন্ন অবস্থানের ওপর ব্যাপক সামরিক হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করে হুতিরা। দু’পক্ষের এই পাল্টাপাল্টি দাবির মধ্যদিয়ে লোহিত সাগর উপকূলীয় অঞ্চলে সংঘাত নতুন করে তীব্র রূপ নিয়েছে।