ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে নিকাব পরিহিতা এক শিক্ষার্থীকে ‘ফান্ডামেন্টালিস্ট’ ও ‘সন্ত্রাসী’ বলে কটাক্ষ করার অভিযোগে সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবকে সব ক্লাস থেকে অব্যাহতি দেয়া হয়েছে। শিক্ষার্থীদের লিখিত অভিযোগের পর বিভাগের জরুরি একাডেমিক কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ঘটনাটি ঘটে বুধবার ইংরেজি বিভাগের ১৫তম ব্যাচের একটি ক্লাসে।
অভিযোগ অনুযায়ী, ক্লাস চলাকালীন ওই শিক্ষক নিকাব পরিহিতা শিক্ষার্থীকে তার পোশাকের কারণে ‘ফান্ডামেন্টালিস্ট’ ও ‘সন্ত্রাসী’ আখ্যা দেন এবং তাকে সামনে না বসে ভিড়ের মধ্যে পেছনে বসার নির্দেশ দেন। প্রতিবাদ করলে শিক্ষার্থীর ওপরও তিনি চড়াও হন। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী ক্লাস ত্যাগ করলে আরও দু’জন বেরিয়ে যান এবং একপর্যায়ে অধিকাংশ শিক্ষার্থী ক্লাস বর্জন করে প্রতিবাদ জানান। ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. তাজিন আজিজ চৌধুরী বলেন, শিক্ষার্থীদের লিখিত অভিযোগের ভিত্তিতে জরুরি একাডেমিক কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে।
সংশ্লিষ্ট শিক্ষকের কোর্স পুনর্বণ্টন করে অন্য শিক্ষকদের দেয়া হয়েছে। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে; ভিসি, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। ভুক্তভোগী শিক্ষার্থী মল্লিকা জানান, শিক্ষক তাকে বলেছিলেন, তিনি ওই জায়গায় বসে থাকলে অস্বস্তি ও অনিরাপদ বোধ করছেন এবং তাকে ভিড়ের মধ্যে গিয়ে বসতে বলেছেন। এর আগেও নিকাব নিয়ে শিক্ষকের সঙ্গে তার ধারাবাহিক সমস্যা হয়। ডাকসু এই ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে অভিযুক্ত শিক্ষিকার স্থায়ী শাস্তি ও হিজাবোফোবিয়া রোধে প্রাতিষ্ঠানিক উদ্যোগের দাবি জানিয়েছে। পাশাপাশি পর্দানশীন শিক্ষার্থীদের পরিচয় যাচাইয়ের নামে হয়রানি বন্ধ করার দাবিও জানানো হয়েছে।
