চীনের সঙ্গে ইইউ’র বাণিজ্য আলোচনা শুরু, বাড়ছে চাপ

ফন্ট সাইজ:

চীনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতি নিয়ে আলোচনায় অংশ নিতে বেইজিং পৌঁছেছেন ইউরোপীয় বাণিজ্য কমিশনার মারোস সেফকোভিচ। বৃহস্পতিবার ও শুক্রবার চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাওয়ের সঙ্গে বৈঠক করার কথা সেফকোভিচের। কয়েক মাস ধরে চলা আলোচনায় প্রতিদিন ১০০ কোটি ইউরোর বেশি ইইউ’র বাণিজ্য ঘাটতি এবং চীনের বিরল মাটি ও অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজ রপ্তানিতে বিধিনিষেধের বিষয়টি গুরুত্ব পেয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এদিকে চীনা কোম্পানিগুলো ইউরোপের শীর্ষ গাড়ি নির্মাতাদের বাজারে ক্রমেই বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। বুধবার ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, দুই পক্ষ আলোচনায় বসার আগে চীনা হাইব্রিড গাড়ি রপ্তানিতে স্বেচ্ছায় সীমা আরোপের ইইউ’র অনুরোধ প্রত্যাখ্যান করেছে বেইজিং।

দুই কূটনীতিককে উদ্ধৃত করে এতে বলা হয়েছে, এখন চীনের কাছে হাইব্রিড গাড়ি আমদানিতে একতরফাভাবে সীমা আরোপের ইইউর প্রস্তাব মেনে নেয়ার আহ্বান জানাতে পারে ইউরোপীয় কমিশন। এমন সময়ে এই দুই দিনের আলোচনা শুরু হচ্ছে, যখন বুধবার ইইউর সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতা বেইজিংয়ের বিরুদ্ধে আরও কঠোর বাণিজ্যনীতি গ্রহণের আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে একটি বাধ্যতামূলক নয়, এমন প্রস্তাবও পাস হয়েছে। অন্যদিকে চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইইউ যদি চীনা কোম্পানি বা পণ্যের ওপর বিধিনিষেধ আরোপ করে, তাহলে নিজেদের শিল্প সুরক্ষায় দৃঢ় প্রতিক্রিয়া জানাবে বেইজিং।
ইইউ’র দুই বৃহত্তম শক্তি ফ্রান্স ও জার্মানির নেতা ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এবং জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস মঙ্গলবার জোটটিকে এমন একটি বিশ্বাসযোগ্য ব্যবস্থা তৈরির আহ্বান জানিয়েছেন, যা অর্থনৈতিকভাবে ইইউর ক্ষতি করে এমন দেশগুলোর বিরুদ্ধে দ্রুত পাল্টা ব্যবস্থা নিতে ব্যবহার করা যাবে। নতুন এই ব্যবস্থা কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে তৈরি করা হবে না। জার্মান কর্মকর্তারা বলেছেন, ইইউর এমন একটি হাতিয়ার প্রয়োজন, যা যুক্তরাষ্ট্রের আরোপ করা ‘সেকশন ৩০১’ শুল্ক কিংবা চীনের গুরুত্বপূর্ণ খনিজ রপ্তানিতে বিধিনিষেধের মতো শক্তিশালী হবে।

আগামী সপ্তাহে ইইউ নেতাদের সম্মেলনে প্রস্তাবিত এই ব্যবস্থা নিয়ে আলোচনা হওয়ার কথা। এটি অনুমোদিত হলে ইউরোপীয় কমিশন বাণিজ্যিক আগ্রাসনের বিরুদ্ধে কয়েক দিনের মধ্যেই পাল্টা ব্যবস্থা নিতে পারবে। চীন অবশ্য ফ্রান্স ও জার্মানিকে সংরক্ষণবাদী পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।