সাভারের আশুলিয়ায় রোকসানা বেগম (৪০) নামে এক প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার এসআই নূর আমিন। এর আগে গত বুধবার দিবাগত রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের উত্তর কলতাসূতি মরিচকাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রোকসানা গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দক্ষিণ পাকুল্লা গ্রামের দুবাই প্রবাসী মকবুলের স্ত্রী। দুই মাস ধরে আশুলিয়ার উত্তর কলতাসূতি মরিচকাটা এলাকায় তাদের নির্মাণাধীন ৫ তলা ভবনের তিনতলায় মেয়ে মীম ও ছেলে আলিফকে নিয়ে বসবাস করছিলেন তিনি। নিহতের স্বজনরা জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ বাড়ির ছাদে পানির ট্যাংকি দেখতে যান রোকসানা। দীর্ঘ সময় না আসায় তাকে খোঁজাখুঁজি করা হয়। একপর্যায়ে বাড়ির ছাদে খুঁজতে যান। এ সময় বিবস্ত্র অবস্থায় ছাদের এক পাশে মরে পড়ে থাকতে দেখেন।
এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন আসেন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ও ডিবি পুলিশ ঘটনাস্থলে আসেন। পরে লাশ উদ্ধার করে রাত আড়াইটার দিকে থানায় নিয়ে যায়। নিহতের ভাই জানান, সন্ধ্যা ৭টার দিকে তার বোন রোকসানার সঙ্গে মুঠোফোনে কথা হয়। কিন্তু সাড়ে ৯টার দিকে মৃত্যুর খবর পেয়ে ছুটে আসেন। হ্নতিনি বলেন, আমার বোনের সঙ্গে কারও শত্রুতা ছিল না, তারপরও কেন এমন হলো। তিনি অবিলম্বে তার বোনের হত্যাকারীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নূর আমিন জানান, লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে কে বা কারা এবং কী কারণে হত্যা করেছে তা জানা যায়নি। এ ঘটনায় আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করে জড়িতদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
