‘বাসাইলে যেন কিশোর গ্যাং তৈরি না হয়’

ফন্ট সাইজ:

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মন্ত্রী এডভোকেট আহমেদ আযম খান বলেছেন, বাসাইলে যেন কোনো কিশোর গ্যাং তৈরি না হয়। প্রত্যেক অভিভাবক সন্তানদের প্রতি যত্নবান হোন। বাসাইলে যেন চুরি, ডাকাতি, ছিনতাইকারীর গ্যাং না হয়। গতকাল সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সার্কেল এসপি একে এম মামুনুর রশীদ এবং ওসি আলমগীর কবিরকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, দুষ্টের দমনে যেমন কঠোর হবেন, শিষ্টের পালনে তেমনি নরম হবেন। তিনি বলেন, আমি জানি আমাদের দেশ গরিব। গরিব দেশটাতে গত ১৮ বছরে প্রায় ৪০ লাখ কোটি টাকা লুট করে আরও ভঙ্গুর করে দেয়া হয়েছে। তাই আপনাদের যথাযথ বেতন দিতে পারি না। তারপরও যেটুকু পারি অন্তত বেতন তো পান। ঘি ভাত না হলেও ডাল-ভাত তো খেতে পারছেন।

তাই আপনার দায়িত্ব কর্তব্য আপনার স্কুল-কলেজ শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নত করা। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেওয়ান হুমায়ুন কবির রিপন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মতিউর রহমান খান, প্রাথমিক মিক্ষা কর্মকর্তা মোহাম্মেদ হারুন অর রশিদ প্রমুখ।