নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

ফন্ট সাইজ:

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রসবের সময় নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসকের অবহেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ডা. খাইরুন্নাহার কেয়া ও আল নূর হাসপাতালের দায় নিরূপণে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল এ তদন্ত কমিটি গঠন করেন।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি অ্যান্ড অবস বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. মোছা. ফারজানা খন্দকারকে কমিটির সভাপতি করা হয়েছে। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এর আগে গত শনিবার চৌদ্দগ্রাম আল নূর হাসপাতালে ডা. খাইরুন্নাহার কেয়ার তত্ত্বাবধানে উপজেলার শুভপুর ইউনিয়নের খামার পুস্করনী গ্রামের প্রবাসী মোস্তাফিজুর রহমানের স্ত্রী নাজমা আক্তারের স্বাভাবিক প্রসব (নরমাল ডেলিভারি) করানোর চেষ্টা করা হয়। স্বজনদের অভিযোগ, প্রসবের সময় নবজাতকের মাথায় গভীর ক্ষত সৃষ্টি হয় এবং পরে সে মারা যায়।

ঘটনার পর গত সোমবার প্রসূতির স্বজনরা চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসা ও অবহেলার অভিযোগ তোলেন। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল বলেন, বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।