পার্বতীপুরে আগের স্থানে ইউনিয়ন পরিষদ ভবন করার দাবিতে মানববন্ধন

ফন্ট সাইজ:

দিনাজপুরে পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের ভবন পূর্বের জায়গায় করার দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন। গতকাল দুপুরে ইউনিয়নের সাধারণ নাগরিকবৃন্দের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ইউনিয়ন কৃষক দলের সভাপতি মমতাজ আলী মণ্ডল, মোস্তফাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য আজাহার আলী নয়ন, বিএনপি নেতা আবু সাঈদ মণ্ডল, হাফেজ আজিজুর রহমান সুমন বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ১৯৬৪ সালে মোস্তফাপুর বাজারে স্থাপন করা হয় মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের ভবন। এরপর থেকে ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম সেখান থেকে পরিচালিত হয়ে আসছিল।

সম্প্রতি ইউনিয়ন পরিষদের নতুন ভবন অন্যত্র নির্মাণ করা হবে এমন খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ কারণে মানববন্ধনের মাধ্যমে তা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। দ্রুত সময়ের মধ্যে ইউনিয়ন পরিষদের পূর্বের স্থানে নতুন করে ইউনিয়ন পরিষদ ভবন তৈরি করা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা। পরে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ বলেন, এলাকাবাসীর পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।