মহর্ষী মনোমোহনের প্রয়াণ দিবসে মন্দির উদ্বোধন ভক্তদের মিলনমেলা

ফন্ট সাইজ:

আধ্যাত্মিক সাধক, কবি ও মানবতাবাদী মহর্ষী মনোমোহনের ১১৭তম প্রয়াণ দিবসে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সাতমোড়া আনন্দ আশ্রমে তার সমাধি মন্দিরের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক আবহে ভক্তদের উপস্থিতিতে সমাধি মন্দিরের উদ্বোধন করা হয়। এ সময় আশ্রম প্রাঙ্গণে ভক্ত-অনুরাগীদের মিলনমেলায় পরিণত হয়। দিবস উপলক্ষে আয়োজন করা হয় ‘মহর্ষী মনোমোহনের ভাবদর্শন’ শীর্ষক আলোচনা সভা। এতে বক্তারা মহর্ষী মনোমোহনের আধ্যাত্মিক সাধনা, জীবনদর্শন, সাহিত্যকর্ম ও মানবকল্যাণের ভাবনা নিয়ে আলোচনা করেন। আলোচনা সভার পাশাপাশি অনুষ্ঠিত হয় মলয়া সংগীত। সংগীত পরিবেশনার মধ্যদিয়ে মহর্ষী মনোমোহনের ভাবধারা ও আধ্যাত্মিক চেতনা তুলে ধরা হয়।

আনন্দ আশ্রম কমিটির সভাপতি সাধ্বী শংকরী দত্ত উপস্থিত সকলকে সঙ্গে নিয়ে সদ্য নির্মিত সমাধি মন্দিরের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন মনোমোহনের প্রপৌত্র স্বরূপ দত্ত দয়ালমনি, তার দুই সন্তান অচিন দত্ত ও অভয় দত্ত, আনন্দ আশ্রম কমিটির সাধারণ সম্পাদক বিনয় দেবনাথ, নবীনগর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, নবীনগর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক মানবজমিনের নবীনগর প্রতিনিধি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, আনন্দ আশ্রমের সাবেক সাধারণ সম্পাদক জয়দেব বর্মন, সংগীতশিল্পী চন্দন আচার্য, সংগীতশিল্পী ও শিক্ষক অজয় মুখার্জি। এ ছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।