বান্ধবীর সঙ্গে কক্সবাজার, ধানক্ষেতে মিললো কিশোরীর মরদেহ

ফন্ট সাইজ:

কুমিল্লায় জান্নাতুল তাজমিন (১৫) নামে এক কিশোরীর মরদেহ ধানক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি পরিত্যক্ত সিএনজি অটোরিকশাও জব্দ করেছে পুলিশ। গতকাল লালমাই উপজেলার কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কসংলগ্ন পেরুল উত্তর ইউনিয়নের জগৎপুর (মানুমুড়া) এলাকার একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জান্নাতুল তাজমিন যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের আবদুল আলীমের মেয়ে। বাবার চাকরির সুবাদে কুমিল্লায় বেড়ে ওঠা তাজমিন কুমিল্লার ফরিদা বিদ্যায়তনে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করতো।

পরিবার সূত্রে জানা যায়, চারদিন আগে এক বান্ধবীর বাড়িতে যাওয়ার কথা বলে তাজমিন বাসা থেকে বের হয়। পরে ওই বান্ধবীর সঙ্গে কক্সবাজারে বেড়াতে যায়। সেখান থেকে বুধবার রাতে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয়। রাতে বাবা আবদুল আলীম মেয়ের মোবাইল ফোনে একাধিকবার কল করেন। তবে কোনো কলই সে রিসিভ করেনি। এতে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। মেয়ের খোঁজে বের হয়ে বৃহস্পতিবার ভোরে লালমাই থানায় গিয়ে তার মরদেহ শনাক্ত করেন বাবা। স্থানীয়রা জানান, সকালে ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। একই স্থানে একটি সিএনজি-অটোরিকশা পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। খবর পেয়ে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ফরিদা বিদ্যায়তনের প্রধান শিক্ষক হানিফ বলেন, তাজমিন সপ্তম শ্রেণিতে পড়তো। তবে গত মার্চ মাস থেকে সে অন্য একটি স্কুলে ভর্তি হয়েছে।

বিদ্যালয়ের হাজিরা খাতায় তার রোল নম্বর ছিল ৩০। লালমাই থানার ওসি মিজানুর রহমান বলেন, মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশের একাধিক সংস্থা তদন্ত শুরু করেছে।