রামেবি ভিসি’কে বাসা থেকে ক্যাম্পাসে নিয়ে গেলেন বিএনপি নেতারা

রামেবি ভিসি’কে বাসা থেকে ক্যাম্পাসে নিয়ে গেলেন বিএনপি নেতারা

ফন্ট সাইজ:

নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) ভিসি’র কক্ষের তালা খুলে দেয়া হয়েছে। কক্ষটি মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। তদন্তকারী কর্মকর্তা সেখান থেকে আলামত সংগ্রহ করেন। গতকাল সকাল সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এর আগে ভিসি অধ্যাপক জাওয়াদুল হককে তার উপশহরের বাসা থেকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে নিয়ে আসেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সহ-সভাপতি জয়নাল আবেদিন শিবলি, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জনি, যুবদলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনি, ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি, সাধারণ সম্পাদক এমদাদুল হক লিমন এবং সিনিয়র সহ-সভাপতি মো. আবিরসহ নেতাকর্মীরা। জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসেন বলেন, বহিরাগত কেউ ভিসি’র কক্ষে তালা দিয়েছিল। তালা খুলে কক্ষটি তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ভিসি’কে ক্যাম্পাসে নিয়ে আসার বিষয়ে যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি বলেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্দেশনা এবং মহানগর বিএনপি’র সভাপতি মামুনুর রশিদ ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় তারা ভিসি’কে বাসা থেকে নিয়ে এসেছেন। বিএনপি ও এর অঙ্গসংগঠন কোনো ধরনের দখল বা সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। এ ঘটনায় দলের কোনো নেতাকর্মী জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। এর আগে গত মঙ্গলবার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ে ভিসি অধ্যাপক জাওয়াদুল হককে একটি কাগজে সই করতে বাধ্য করার অভিযোগ ওঠে। ভিসি’র ভাষ্য, তাকে কাগজটি পড়তে দেয়া হয়নি। লাঞ্ছিত হওয়ার আশঙ্কা থেকে তিনি তাতে সই করেন। পরে তাকে কার্যালয় থেকে বের করে দেয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় ৫০-৬০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়েছে। মামলায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সর্বশেষ গ্রেপ্তার দু’জন হলো, মো. আলী আকবর হোসাইন ও মো. দেলোয়ার হোসেন। পুলিশ জানিয়েছে, ঘটনার ভিডিও ও ছবি বিশ্লেষণ করে আরও কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার মো. নাজমুল হোসাইন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু ভিসি’কে তার কক্ষে নিয়ে যাবেন। এরপর ভিসি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন বলে আশা করা হচ্ছে।