বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের স্বীকৃতিতে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ ২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১৩ শিক্ষার্থী। গত ৫ই অক্টোবর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রকাশিত বিজ্ঞপ্তিতে তিন শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৪৬৯ জন শিক্ষার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।
ইউজিসি’র তথ্য অনুযায়ী, বাকৃবি থেকে মনোনীত ১৩ শিক্ষার্থীর মধ্যে ২০১৯ সালে ৬ জন, ২০২০ সালের ৬ জন এবং ২০২১ সালের ১ জন শিক্ষার্থী এ তালিকায় স্থান পেয়েছেন। ২০১৯ সালের মনোনীতরা হলেন— ভেটেরিনারি অনুষদের নাজনীন সুলতানা, কৃষি অনুষদের প্রত্যাশা বিশ্বাস, পশুপালন অনুষদের শারমীন ইসলাম, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের শান্তা ইসলাম, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শাহাবুদ্দিন আহমেদ ও মাৎস্যবিজ্ঞান অনুষদের নাফিসা তাসনীম বিনতি। ২০২০ সালের মনোনীতরা হলেন— ভেটেরিনারি অনুষদের ইসমাইল হোসেন, কৃষি অনুষদের মোসা. আয়েশা সিদ্দিকা, পশুপালন অনুষদের মো. আরিফুল ইসলাম, কৃষি অর্থনীতি ও সমাজবিজ্ঞান অনুষদের ইসরাত জাহান, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের চিত্রা রাণী পাল ও মৎস্যবিজ্ঞান অনুষদের জিন্নাত রেহানা ঋতু। ২০২১ সালে মনোনীত একজন হলেন ভেটেরিনারি অনুষদের ফারহানা বিনতে ফেরদৌস।
জানা যায়, বিশ্ববিদ্যালয়গুলো থেকে পাওয়া মনোনীত প্রার্থীদের আবেদন যাচাইবাছাই এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে খসড়া তালিকা পুনরায় যাচাইয়ের পর ৪৬৯ শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকা নিয়ে কোনো প্রার্থী বা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের আপত্তি থাকলে প্রয়োজনীয় প্রমাণসহ আগামী ৩১শে অক্টোবরের মধ্যে ইউজিসিতে লিখিতভাবে জানাতে হবে।
