‘ইলিশ আমাদের সম্পদ রক্ষার দায়িত্বও আমাদের’

ফন্ট সাইজ:

ইলিশ সম্পদ রক্ষার আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ইলিশ আমাদের সম্পদ, বিশেষ করে আপনাদের (জেলে) সম্পদ। তাই রক্ষা করার দায়িত্বও আপনাদের। আমরা সবাই মিলেই এই সম্পদ রক্ষা করবো। গতকাল সকালে মাদারীপুরের শিবচরের কাওড়াকান্দি এলাকায় উপজেলা প্রশাসন ও মৎস্য অফিস আয়োজিত জেলেদের মধ্যে চাল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, আমরা যেকোনো কিছুর বিনিময়ে আমাদের সম্পদ বৃদ্ধি করবো। বাংলাদেশকে বুকে ধারণ করে আমরা চলতে চাই। দেশপ্রেমকে ধারণ করে আমাদের পথ চলতে হবে।

এদেশের সম্পদকে আমাদের বৃদ্ধি করতে হবে। এ সময় তিনি আরও বলেন, ছোট ইলিশের ডিমে দেড় থেকে দুই লাখ ইলিশের বাচ্চা হয়। বড় ইলিশের ডিমে কমপক্ষে ২০ লাখ মাছের বাচ্চা হওয়া সম্ভব। এই সম্পদ আমাদের, বিশেষ করে আপনাদের (জেলে)। এ ছাড়াও মাদকের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে আমাদের দেশে মাদক একটি ভয়াবহ সমস্যা। মাদক যুব সমাজকে ধ্বংস করে। ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে। মাদক থেকে আমাদের বিরত থাকতে হবে। প্রত্যেক পরিবারকে খেয়াল রাখতে হবে, কোনোভাবেই যেন মাদকের সঙ্গে সম্পৃক্ত না হয়। আমরা এই দেশকে স্বনির্ভর দেশ হিসেবে গড়ে তুলবো, অর্থনৈতিকভাবে শক্তিশালী করবো। সকলে মিলে বাংলাদেশ আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ্। জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. খালেদ কনক, মাদারীপুরের পুলিশ সুপার মো. ফজলে এলাহী, মৎস্য অধিদপ্তরের পরিচালক (ঢাকা) মো. আহসান হাবীব খান, জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, বিএনপি নেত্রী নাদিরা মিঠু চৌধুরী, উপজেলা বিএনপি’র আহ্বাক শাহাদাত হোসেন খান, সদস্য সচিব মো. সোহেল রানাসহ অন্যরা।