সৌদিতে ভারতীয়দের ‘সতর্ক ও ঘরে থাকার’ পরামর্শ

সৌদিতে ভারতীয়দের ‘সতর্ক ও ঘরে থাকার’ পরামর্শ

ফন্ট সাইজ:

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ইরান-সমর্থিত হুতিদের ধারাবাহিক হামলার পর দেশটিতে অবস্থানরত নিজ নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ভারতীয় দূতাবাস। একই সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের ঘরে বা নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার দূতাবাসের এক সতর্কবার্তায় সৌদিতে থাকা ভারতীয় নাগরিকদের চারপাশের পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকতে এবং অপ্রয়োজনে বাইরে বের না হতে বলা হয়েছে। সেই সঙ্গে স্থানীয় কর্তৃপক্ষের দেয়া নিরাপত্তা নির্দেশনাও মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
ইয়েমেনভিত্তিক হুতি গোষ্ঠী সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। এসব হামলার কারণে দেশটির বিমান চলাচলেও বড় ধরনের বিঘ্ন দেখা দিয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, রিয়াদ ও আবহা বিমানবন্দর লক্ষ্য করে চালানো সাম্প্রতিক হামলায় তিনজন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন। এর পর রিয়াদসহ বিভিন্ন এলাকায় আবারও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রিয়াদে হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করা হয়। পরে এর ধ্বংসাবশেষ পড়ে একটি কিন্ডারগার্টেন ও চিকিৎসাকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সৌদি সিভিল ডিফেন্স।
এদিকে ইয়েমেনে বৈধ সরকারকে সমর্থনকারী জোট জানিয়েছে, তারা হুতিদের ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। এর মধ্যে দুটি রিয়াদ এবং একটি খামিস মুশাইতের দিকে ছোড়া হয়েছিল।

ক্রমবর্ধমান হামলার কারণে সৌদির আকাশপথেও বড় ধরনের প্রভাব পড়েছে। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার বিপুলসংখ্যক ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে। বেশ কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইনও রিয়াদগামী ও রিয়াদ থেকে ছেড়ে যাওয়া ফ্লাইট বাতিল করেছে।

এমন পরিস্থিতিতে সৌদিতে বসবাসরত ভারতীয় নাগরিকদের সতর্ক থাকতে বলেছে ভারতীয় দূতাবাস। বিশেষ করে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হলে স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ এবং নিরাপদ স্থানে অবস্থানের ওপর গুরুত্ব দেয়া হয়েছে।