বাংলাদেশে ওয়েলথ অ্যান্ড রিটেইল ব্যাংকিং (ডব্লিউআরবি) ব্যবসা বিক্রির সম্ভাবনা খতিয়ে দেখছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। তবে, এ প্রক্রিয়া সম্পন্ন হতে অন্তত ১৮ থেকে ২৪ মাস সময় লাগতে পারে। একইসঙ্গে যে কোনো বিক্রয় কার্যক্রমের জন্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন প্রয়োজন হবে। বৃহস্পতিবার গ্রাহকদের পাঠানো এক বার্তায় এ তথ্য জানিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ।
ব্যাংকটি জানিয়েছে, বৈশ্বিক কৌশলের অংশ হিসেবে বাংলাদেশে তাদের ওয়েলথ অ্যান্ড রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির বিভিন্ন বিকল্প খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, এ ঘোষণার ফলে গ্রাহকদের ওপর তাৎক্ষণিক কোনো প্রভাব পড়বে না।
গ্রাহকদের আশ্বস্ত করে ব্যাংকটি বলেছে, ডব্লিউআরবি ব্যবসা বিক্রির প্রক্রিয়া সম্পন্ন হতে ন্যূনতম ১৮ থেকে ২৪ মাস সময় লাগবে এবং পুরো প্রক্রিয়াই নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনসাপেক্ষ। এ সময়ে গ্রাহকরা স্বাভাবিক নিয়মেই ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশে তাদের কার্যক্রম অব্যাহত রাখবে বলেও জানিয়েছে। তবে, ব্যাংকটি এখন করপোরেট অ্যান্ড ইনভেস্টমেন্ট ব্যাংকিং (সিআইবি) ব্যবসা সম্প্রসারণে বেশি গুরুত্ব দেবে।
গ্রাহকদের উদ্দেশে ব্যাংকটি আরও জানিয়েছে, বাংলাদেশে ১২০ বছরের বেশি সময় ধরে কার্যক্রম পরিচালনা করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড। আন্তর্জাতিক নেটওয়ার্ক, আন্তঃসীমান্ত ব্যাংকিং সক্ষমতা ও বিভিন্ন খাতে বিশেষজ্ঞ সেবার মাধ্যমে গ্রাহকদের সহায়তা অব্যাহত রাখবে ব্যাংকটি।
বার্তায় বলা হয়, এ পরিবর্তনের পুরো সময়জুড়ে গ্রাহকদের আগের মতোই সেবা ও সহায়তা দেওয়া হবে। গ্রাহকদের আমানত ও বিনিয়োগ নিরাপদ রয়েছে এবং তারা স্বাভাবিক নিয়মে ব্যাংকিং লেনদেন চালিয়ে যেতে পারবেন।
ব্যাংকটি জানিয়েছে, সম্ভাব্য পরিবর্তনের কারণে গ্রাহকদের ভোগান্তি যেন সর্বনিম্ন পর্যায়ে থাকে, সেজন্য সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয় করে পুরো প্রক্রিয়া পরিচালনা করা হবে। এ বিষয়ে প্রাসঙ্গিক কোনো অগ্রগতি হলে গ্রাহকদের জানানো হবে।
এ বিষয়ে কোনো প্রশ্ন বা সহায়তার প্রয়োজন হলে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের কন্টাক্ট সেন্টার ১৬২৩৩ অথবা সংশ্লিষ্ট রিলেশনশিপ ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের ওয়েলথ অ্যান্ড রিটেইল ব্যাংকিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান লুৎফুল হাবিব গ্রাহকদের পাঠানো বার্তায় এসব তথ্য জানিয়েছেন।
