ইরান-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের বিরুদ্ধে ইয়েমেনে হামলায় পাকিস্তান বিমানবাহিনীর যুদ্ধবিমান ব্যবহৃত হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক তাদের ত্রিপক্ষীয় সামরিক চুক্তি ‘মক্কা অ্যাকর্ড’ সক্রিয় করার কয়েক দিন পরই পাকিস্তানি যুদ্ধবিমান হুতিদের বিরুদ্ধে অভিযানে অংশ নিচ্ছে বলে বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে পত্রিকাটি।
পাকিস্তানের জ্যেষ্ঠ এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পাক বিমানবাহিনীর যুদ্ধবিমান হুতিদের লক্ষ্য করে হামলায় ব্যবহৃত হচ্ছে। পরিচয় প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের সাবেক সেনা কর্মকর্তা ও পাকিস্তানে সাবেক মার্কিন সেনা অ্যাটাশে ডেভিড ও স্মিথের বরাতে প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবে প্রায় ৮ হাজার পাকিস্তানি সেনা মোতায়েন করা হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা। তাদের মধ্যে বিমানবাহিনী ও আর্মি এয়ার ডিফেন্সের সদস্যও রয়েছে।
স্মিথের মতে, এসব সেনার মূল দায়িত্ব হতে পারে সৌদির তেল স্থাপনা সুরক্ষা দেয়া। তবে হুতিদের সঙ্গে সরাসরি স্থলযুদ্ধে পাকিস্তানি সেনারা অংশ নেবেন না বলেই ধারণা করা হচ্ছে। কারণ ইরানের সঙ্গে সম্পর্কও ধরে রাখতে চাইছে ইসলামাবাদ।
আরেক পাকিস্তানি কর্মকর্তা বলেন, ইয়েমেনে স্থল অভিযান চালানোর বদলে হুতিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা কমানোতেই পাকিস্তানের ভূমিকা সীমিত থাকতে পারে। এ ক্ষেত্রে বিমান সহায়তা দেয়া হবে।
পাকিস্তানের সামরিক বাহিনী অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
তবে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নিউইয়র্ক টাইমসের এই প্রতিবেদনকে ‘ভুয়া ও বানোয়াট’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে।
