রূপগঞ্জে সড়ক অবরোধ করে বিআরটিসি’র দুই বাস ভাঙচুর

দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

রূপগঞ্জে সড়ক অবরোধ করে বিআরটিসি’র দুই বাস ভাঙচুর

ফন্ট সাইজ:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিআরটিসি বাস কাউন্টারে শিক্ষার্থী ভাড়ায় টিকিট চাওয়াকে কেন্দ্র করে দুই কলেজ শিক্ষার্থীকে মারধর ও তাদের মোবাইল ফোন ভাঙচুরের অভিযোগ উঠেছে কাউন্টারের কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে এশিয়ান হাইওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় উত্তেজিত শিক্ষার্থীদের একটি অংশ বিআরটিসি’র দু’টি গাড়ি ভাঙচুর করে। গতকাল দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার মায়ারবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। শিক্ষার্থীদের অভিযোগ, গত বুধবার সন্ধ্যায় রূপগঞ্জের কাঞ্চন এলাকায় অবস্থিত সলিমউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থী তারিকুল ইসলাম এবং রাতুল আড়াইহাজারের সরকারি সফর আলী কলেজ কেন্দ্রে পরীক্ষা শেষে ভুলতা বিআরটিসি বাস কাউন্টারে যান। সেখানে তারা শিক্ষার্থী ভাড়ায় দু’টি টিকিট চাইলে কাউন্টারের কর্মীরা তা দিতে অস্বীকৃতি জানান।

এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে কাউন্টারের কর্মীরা ওই দুই শিক্ষার্থীকে মারধর করে এবং তাদের মোবাইল ফোন ভাঙচুর করে বলে অভিযোগ ওঠে। এ ঘটনার জেরে বৃহস্পতিবার দুপুরে সলিমউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন পৌরসভার মায়ারবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হন। পরে অভিযুক্তদের শনাক্ত করে শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। বিক্ষোভ চলাকালে উত্তেজিত শিক্ষার্থীদের একটি অংশ বিআরটিসি’র দু’টি বাস ভাঙচুর করে। এ সময় একটি বাস কাউন্টারের দিকে উঠিয়ে দেয়ার ঘটনাও ঘটে। শিক্ষার্থীদের অবরোধের কারণে এশিয়ান হাইওয়ে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের একপাশে যানবাহন আটকা পড়ে এবং যাত্রীরা দুর্ভোগে পড়েন। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে কলেজে ফিরে যায়। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

তবে শিক্ষার্থীদের মারধরের অভিযোগের বিষয়ে বিআরটিসি কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, শিক্ষার্থীদের শান্ত করা হয়েছে। তবে বিআরটিসি’র কর্মীরা তাদের সঙ্গে অশোভন আচরণ করেছে। শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।