দুর্গম পাহাড়ি অঞ্চলে চিকিৎসাসেবার সীমাবদ্ধতায় থাকা অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রাঙ্গামাটি রিজিয়ন ও রাঙ্গামাটি সিএমএইচ’র উদ্যোগে রাঙ্গামাটি সদর হাসপাতালে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে প্রায় ৮০০ রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন। বৃহস্পতিবার আয়োজিত এ ক্যাম্পে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দেয়ার পাশাপাশি তাদের শারীরিক অবস্থা অনুযায়ী স্বাস্থ্য পরামর্শ দেয়া হয়।
পরে প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়। সেনাবাহিনীর এ উদ্যোগ স্থানীয় মানুষের কাছে মানবিক সহায়তার নতুন সুযোগ তৈরি করেছে। ফ্রি মেডিকেল ক্যাম্পটি পরিদর্শন করেন রাঙ্গামাটি জোন কমান্ডার। এ সময় তিনি চিকিৎসাসেবা নিতে আসা অসহায় ও সুবিধাবঞ্চিত রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন। পরে তিনি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময় করে ক্যাম্পের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন।
রোগীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে জোন কমান্ডার বলেন, পার্বত্য অঞ্চলের দুর্গমতা ও চিকিৎসাসেবার সীমাবদ্ধতার কারণে অনেক মানুষ প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হন। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের পাশে রয়েছে এবং তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, চিকিৎসাসেবা ও ওষুধের পাশাপাশি এ ধরনের ক্যাম্প দুর্গম এলাকার মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
