পঞ্চগড় শহরসহ বিভিন্ন এলাকায় রাস্তার পাশে ট্রাক দাঁড় করিয়ে বালু-পাথর লোড-আনলোড করা হচ্ছে। এতে পরিবেশের ক্ষতির পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
ভুক্তভোগীদের অভিযোগ, বিভিন্ন সড়কের পাশে দীর্ঘদিন ধরে বালু-পাথর ফেলে রাখা হচ্ছে। পাশাপাশি ট্রাক, ট্রলি ও অন্যান্য যানবাহনে বালু-পাথর পরিবহনের সময় সড়কে বালু-পাথর পড়ে ধুলাবালির সৃষ্টি করছে। এতে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ বাড়ার পাশাপাশি সড়কে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
এ বিষয়ে পঞ্চগড় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল গফুরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সরাসরি বক্তব্য না দিয়ে বক্তব্যের জন্য তথ্য অধিকার আইনে আবেদন করার পরামর্শ দেন। জনস্বার্থ সংশ্লিষ্ট এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তার বক্তব্য জানতে চাওয়া হলেও বক্তব্যের পরিবর্তে তথ্য অধিকার আইনে আবেদন করতে বলা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় পরিচালক নূর আলম বলেন, তিনি চাইলে সরাসরি এ বিষয়ে বক্তব্য দিতে পারতেন। আমরা বিভিন্ন সময় মোবাইল কোর্টসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করি। তাহলে বক্তব্য দেয়ার জন্য কেন তথ্য অধিকার আইনের মাধ্যমে আবেদন করতে হবে, বিষয়টি আমার বোধগম্য হচ্ছে না।
