কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিলে অবৈধভাবে বক শিকারের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ৫০০ ফুট শিকারের ফাঁদ ও জাল জব্দ করেছে বনবিভাগ। এ সময় পাখি শিকারের শতাধিক আস্তানা এবং ককশিট দিয়ে তৈরি প্রায় ১ হাজার নকল বক ধ্বংস করা হয়। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উখিয়া রেঞ্জের সদর বিটের মাছকারিয়া বিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বনবিভাগ সূত্রে জানা গেছে, শিকারিরা বক আকৃষ্ট করতে ককশিট দিয়ে তৈরি নকল বক বিভিন্ন স্থানে বসিয়ে রাখে। এসব নকল বককে ঘিরে ফাঁদ পেতে বন্য পাখি শিকার করা হচ্ছিল।
অভিযানে প্রায় ৫০০ ফুট ফাঁদ ও জাল জব্দের পাশাপাশি শিকারিদের ব্যবহৃত শতাধিক আস্তানা ধ্বংস করা হয়। উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল মান্নানের নেতৃত্বে অভিযানে অংশ নেন দোছড়ি বিটের বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি, থাইংখালী বিটের বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ, মোচারখোলা বিটের বিট কর্মকর্তা দীপক চাকমা ও রাজাপালং বিটের বিট কর্মকর্তা রোকনুজ্জামান। এ ছাড়া উখিয়া রেঞ্জের বিভিন্ন বিটের স্টাফ ও ইআরটি সদস্যরা অভিযানে অংশ নেন। উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল মান্নান বলেন, বন্যপ্রাণী রক্ষায় অবৈধ পাখি শিকার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। শিকারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
