বরিশাল জামায়াতের নেতৃত্বে রদবদল

ফন্ট সাইজ:

জামায়াতে ইসলামী বরিশাল অঞ্চলের সাংগঠনিক নেতৃত্বে এসেছে গুরুত্বপূর্ণ রদবদল। অঞ্চল পরিচালকের দায়িত্ব থেকে এডভোকেট মুয়াযযম হোসাইন হেলালের স্থলে নতুন দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এডভোকেট মতিউর রহমান আকন্দ। দলীয় পর্যায়ে এই পরিবর্তনকে ঘিরে বরিশাল অঞ্চলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি ও সমন্বয়ের প্রত্যাশা তৈরি হয়েছে। তবে দায়িত্ব পরিবর্তনের আনুষ্ঠানিক কারণ সম্পর্কে দলীয়ভাবে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

রদবদলের পর ৭ই অক্টোবর নতুন অঞ্চল পরিচালক এডভোকেট মতিউর রহমান আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে বরিশাল অঞ্চলের প্রথম সভা। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। বরিশাল বিভাগের ছয় জেলা ও মহানগরীর শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সাংগঠনিক কার্যক্রম, আঞ্চলিক সমন্বয় ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

কেন্দ্রীয় মজলিসে শূরা ও অঞ্চল টিম সদস্য মাওলানা ফখরুদ্দিন খান রাজীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন— কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর, বরিশাল জেলা আমীর অধ্যাপক মাওলানা আবদুল জব্বার, অঞ্চল টিম সদস্য অধ্যাপক শাহ আলম, ঝালকাঠি জেলা আমীর এডভোকেট হাফিজুর রহমান, ভোলা জেলা আমীর মাস্টার জাকির হোসেন, বরগুনা জেলা আমীর মাওলানা মুহিব্বুল্লাহ হারুন, পটুয়াখালী জেলা আমীর এডভোকেট নাজমুল আহসান এবং পিরোজপুর জেলা (ভারপ্রাপ্ত) আমীর মাওলানা আব্দুর রব প্রমুখ।
এদিকে, বরিশাল অঞ্চলের দায়িত্বে এই পরিবর্তনকে শুধুমাত্র ব্যক্তি পরিবর্তন হিসেবে নয়, বরং সংগঠনের আঞ্চলিক সাংগঠনিক কাঠামোয় একটি গুরুত্বপূর্ণ সমন্বয় হিসেবেও দেখছেন সংশ্লিষ্টরা।