সাগরে ভাসমান বস্তা থেকে ৪২ কোটি টাকার ইয়াবা-হেরোইন উদ্ধার

ফন্ট সাইজ:

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন সংলগ্ন আন্তর্জাতিক সমুদ্রসীমায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধার করা চালানে রয়েছে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা এবং ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪২ কোটি টাকা। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সমুদ্রসীমার (আইএমবিএল) অভ্যন্তরে পরিচালিত বিশেষ অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদে বৃহস্পতিবার সকালে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনের একটি আভিযানিক দল সমুদ্রসীমায় অবস্থান নেয়। পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দ্রুত তিনটি বস্তা সাগরে ফেলে দিয়ে মিয়ানমার সমুদ্রসীমার দিকে পালিয়ে যায়। পরে ভাসমান অবস্থায় বস্তাগুলো উদ্ধার করে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা ও হেরোইনের চালানটি পাওয়া যায়। বৃহস্পতিবার দুপুরে টেকনাফের কেরুনতলীস্থ কোস্ট গার্ড স্টেশন মিলনায়তনে আয়োজিত ব্রিফিংয়ে বিসিজি স্টেশন সেন্টমার্টিনের লে. কমান্ডার মারুফ আহমেদ সৌখিন অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।