আমাদের বার্তা প্রতিবেদক ফটোগ্রাফির ২০০ বছর পূর্তি উপলক্ষে পোর্ট্রেট আয়োজিত গুণী সম্মাননা পেয়েছেন শিক্ষা বিষয়ক দেশের একমাত্র জাতীয় প্রিন্ট পত্রিকা দৈনিক আমাদের বার্তা’র নির্বাহী সম্পাদক ও বিশিষ্ট ফটো সাংবাদিক বুলবুল আহমেদ। তিনি বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন-বিপিএ এর সাবেক সভাপতি। সম্মাননা প্রদান উপলক্ষে রাঙ্গামাটি প্রেস ক্লাবে গত শুক্র ও শনিবার দু’দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট বিতরণ করেন কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশন বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি বিশিষ্ট সাংবাদিক ওসমান গনি মনসুর। অনুষ্ঠানে আরও ছিলেন— চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মওলা মুরাদ, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, পোর্ট্রেট পরিচালক রুপম চক্রবর্তী এবং পোর্ট্রেট উপদেষ্টা লায়ন পিযূষ তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি প্রেস ক্লাব সভাপতি আনোয়ার আল হক।
