স্ত্রী মেলানিয়া ব্যক্তিগতভাবে কী নামে ডাকেন, তা নিজেই ফাঁস করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। আর সেই সম্বোধন প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।
বুধবার (৭ অক্টোবর) টেক্সাসে এক নির্বাচনী সমাবেশে ডেমোক্র্যাট সিনেট প্রার্থী জেমস তালারিকোকে ‘ভেগান’ বলে আক্রমণ করছিলেন ট্রাম্প। যদিও তালারিকো ভেগান নন। এর আগেও একাধিকবার তাকে ভেগান দাবি করেছেন ট্রাম্প।
‘ভেগান’ শব্দটি ট্রাম্প সাধারণত ‘ভে-গান’ উচ্চারণ করেন। এ নিয়ে চলতি সপ্তাহে তাকে ঠাট্টা করেছিলেন টিভি অনুষ্ঠান উপস্থাপক জিমি কিমেল। তবে বুধবার অবশ্য সঠিক উচ্চারণই করেন ট্রাম্প। এর জন্য তিনি কৃতিত্ব দেন স্ত্রী মেলানিয়াকে।
ট্রাম্প বলেন, আমার স্ত্রী আমাকে বলেছিলেন, ‘স্যার, আমার জন্য একটা কাজ করুন। আপনাকে একটু সাহায্য করতে হবে। এটা ভে-গান নয়, ভি-গান।’
এরপর ট্রাম্প বলেন, আমি কীভাবে জানব? আমি তো স্টেক খেতে ভালোবাসি! দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, মেলানিয়া যে তাকে ‘স্যার’ বলে সম্বোধন করেন, তা ট্রাম্পের বক্তব্যে নতুন নয়।
গত বছরও ট্রাম্প জানিয়েছিলেন, তিনি স্ত্রীকে ‘ফার্স্ট লেডি’ বলে ডাকতে পছন্দ করেন। কারণ এতে তার মনে পড়ে যায়, তিনি প্রেসিডেন্ট।
ট্রাম্প প্রায়ই এমন সব গল্প বলেন, যেখানে অন্যরা তাকে ‘স্যার’ বলে সম্বোধন করেন। অনেক সময় এসব গল্পে তিনি দাবি করেন, তাকে দেখে লোকজন আবেগে কাঁদতে শুরু করেন। তবে এবার মেলানিয়ার গল্পে কান্নার কোনো প্রসঙ্গ ছিল না।
সামাজিক যোগাযোগমাধ্যমে অবশ্য ট্রাম্পের বক্তব্য নিয়ে সমালোচকদের কড়া প্রতিক্রিয়া এসেছে। মেলানিয়া স্বামীকে এভাবে ‘স্যার’ বলে সম্বোধন করেন -বিষয়টি নিয়ে কেউ কেউ হাস্যরসও করেছেন।
