সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান, অস্ত্র গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান, অস্ত্র গোলাবারুদ উদ্ধার

ফন্ট সাইজ:

পূর্ব সুন্দরবনের শেলা নদী সংলগ্ন ফরেস্ট অফিস এলাকায় অভিযান চালিয়ে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে মোংলা কোস্ট গার্ড। বৃহস্পতিবার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত বুধবার কোস্ট গার্ড এ অভিযান পরিচালনা করে। কোস্ট গার্ড সূত্র জানায়, বাগেরহাটের মোংলা থানাধীন সুন্দরবন সংলগ্ন শেলা নদীতে ডাকাতের একটি দল অবস্থান করছে এমন সংবাদে কোস্ট গার্ডের একটি দল ওই এলাকায় অভিযান চালায়।

এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পরে ওই স্থানে তল্লাশি চালিয়ে ৬টি একনলা বন্দুক, ৩টি এয়ারগান, ১টি পাইপগানের ট্রিগার ও ১৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এ ব্যাপারে মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।