কেরানীগঞ্জে ইউএনও’র হস্তক্ষেপে নতুন জীবন পেলো উদ্ধার হওয়া নবজাতক

কেরানীগঞ্জে ইউএনও’র হস্তক্ষেপে নতুন জীবন পেলো উদ্ধার হওয়া নবজাতক

ফন্ট সাইজ:

ঢাকার কেরানীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত এক নবজাতক কন্যা শিশুর সার্বিক দায়িত্ব নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক। শিশুটির চিকিৎসার তদারকি থেকে শুরু করে তার নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে আইনি প্রক্রিয়ার ব্যবস্থা গ্রহণ করেছেন স্থানীয় প্রশাসন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত বুধবার বিকালে কেরানীগঞ্জের মালঞ্চ এলাকায় রাস্তার পাশে একটি প্লাস্টিকের ব্যাগে পরিত্যক্ত অবস্থায় নবজাতকটিকে দেখতে পান স্থানীয়রা।

পরে দ্রুত বিষয়টি পুলিশ ও উপজেলা প্রশাসনকে অবহিত করেন। সংবাদ পেয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার নির্দেশ দেন। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা ও পরিচর্যার পর শিশুটি বর্তমানে আশঙ্কামুক্ত ও সুস্থ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। শিশুটির অভিভাবকত্বের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, উদ্ধার হওয়া শিশুটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। প্রশাসন তার নাম ও চিকিৎসার সার্বিক ব্যবস্থা গ্রহণ করেছে। শিশু কল্যাণ আইনের নীতিমালা ও প্রচলিত আইনি প্রক্রিয়া অনুসরণ করে শিশুটিকে একটি দায়িত্বশীল ও উপযুক্ত পরিবারের কাছে দত্তক (কাস্টডি) হস্তান্তরের ব্যবস্থা নেয়া হচ্ছে।

এদিকে, ফুটফুটে শিশুটিকে এক নজর দেখতে হাসপাতালে কৌতূহলী জনতার ভিড় জমে। অনেকেই শিশুটিকে দত্তক নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন। পরিত্যক্ত নবজাতকের দায়িত্ব নিয়ে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করায় ইউএনও এবং স্থানীয় প্রশাসনের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী। নিরাপত্তার স্বার্থে শিশুটিকে উদ্ধারকারী স্থানীয় পুলিশ কর্মকর্তা জানান, শিশুটির প্রকৃত বাবা-মা’কে খুঁজে বের করতে তদন্ত জোরদার করা হয়েছে।