কানাইঘাটে সমাহিত করা হলো দুই প্রবাসীর মরদেহ

ফন্ট সাইজ:

প্রবাস মানে শুধু টাকা নয়। প্রবাস মানে এক বুক স্বপ্ন। মায়ের অপেক্ষা। বাবার ভরসা। স্ত্রীর অপেক্ষা আর সন্তানের আবদার। কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস! সৌদি আরব থেকে লাশ হয়ে ফিরেছেন কানাইঘাট বাণীগ্রাম লামার তালুক গ্রামের আব্দুল করিম ও খালেদ উদ্দিন। আসতে হয়েছে লাশবাহী এম্বুলেন্সে করে। তাদের নিথর দেহ কফিনবন্দি হয়ে নিজ মাটিতে নামলো। কফিন খুলতেই স্ত্রী সন্তানদের আর্তনাদে কেঁপে উঠলো আকাশ-বাতাস। যে স্ত্রী, সন্তান পথ চেয়ে ছিল লাগেজ ভর্তির সেই সন্তানরা আজ কফিনের পাশে বেহুঁশ। যার যায়, সেই বুঝে! এই শূন্যতা কোনোদিন পূরণ হওয়ার নয়।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের দুই প্রবাসী আব্দুল করিম ও খালিদ উদ্দিনের মরদেহ দেশে এসে পৌঁছে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে। মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (বিজি-২০৬) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করার পর প্রবাসী কল্যাণ ডেস্কসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করেন। পরে এম্বুলেন্সে করে মরদেহ দু’টি নিজ নিজ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। সেখানে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে প্রাথমিকভাবে নিহতদের পরিবারকে ৩৫ হাজার টাকা করে আর্থিক অনুদান দেয়া হয়। এ ছাড়া, পরবর্তীতে নিহতদের পরিবার আরও ৩ লাখ টাকা করে অনুদান পাবেন। এদিকে, লামার তালুক গ্রামে আব্দুল করিম ও খালিদ উদ্দিনের লাশবাহী এম্বুলেন্স বাড়িতে পৌঁছে দুপুর ২টার দিকে। বাড়িতে পৌঁছালে সেখানে স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠে। হাউমাউ করে কাঁদছিলেন স্ত্রী-সন্তানসহ পরিবারের লোকজন। প্রিয়জনকে শেষবারের মতো দেখে কান্নায় ভেঙে পড়েন আত্মীয়স্বজনসহ পাড়া প্রতিবেশির লোকজন। আধা ঘণ্টার মতো বাড়িতে রেখে তারপর নিয়ে আসা হয় স্থানীয় আকুনি মাদ্রাসায়। সেখানে এলাকার লোকজন শেষবারের মতো দেখেন প্রবাসী এই দুই রেমিট্যান্স যোদ্ধাকে। এরপর বাদ আছর একইসঙ্গে তাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পরবর্তী লামার তালুক গ্রামের কবরস্থানে পাশাপাশি শায়িত করা হয় আব্দুল করিম ও খালিদ উদ্দিনকে।

গত ৭ই সেপ্টেম্বর দেশে ফেরার উদ্দেশ্যে সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে ‘আল-খুরমা’ এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ চার বাংলাদেশি নিহত হন। নিহতদের মধ্যে দু’জন হলেন— কানাইঘাট উপজেলার ৭ নম্বর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ী এলাকার লামার তালুক গ্রামের বাসিন্দা আব্দুল করিম ও খালিদ আহমদ।