বাংলাদেশে স্বল্প ও মধ্যম আয়ের পরিবারের জন্য নিরাপদ, সাশ্রয়ী ও দুর্যোগ-সহনশীল আবাসন নিশ্চিত করতে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-কে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এই অর্থায়নে বাস্তবায়িত হবে ‘ইনক্লুসিভ অ্যাফোর্ডেবল হাউজিং ফাইন্যান্স প্রজেক্ট’, যার মাধ্যমে দেশের প্রায় ৪০ হাজার পরিবার আবাসন সুবিধার আওতায় আসবে। প্রকল্পটির সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২০৩১ সাল পর্যন্ত।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এই সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। এতে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী ঋণচুক্তিতে এবং পিকেএসএফ-এর পক্ষে সিনিয়র মহাব্যবস্থাপক ড. একেএম নুরুজ্জামান প্রকল্প চুক্তিতে স্বাক্ষর করেন। এডিবির পক্ষে উভয় চুক্তিতে স্বাক্ষর করেন সংস্থাটির বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং।
প্রকল্পটির অধীনে নারী ও প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকার বাসিন্দাদের আবাসন নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে। ব্যাংকিং সুবিধাবঞ্চিত স্বল্প ও মধ্যম আয়ের পরিবারগুলো এই প্রকল্পের মাধ্যমে নতুন ঘর তৈরি কিংবা বিদ্যমান বাড়ি মেরামত ও সংস্কারের জন্য সহজ শর্তে ঋণ সুবিধা পাবে। বন্যা, ঘূর্ণিঝড় ও তীব্র দাবদাহের মতো জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে সুরক্ষা দিতে এ প্রকল্পের ঘরগুলোর নকশা ও নির্মাণকৌশল হবে দুর্যোগ-সহনশীল। নিরাপদ বাসস্থানের পাশাপাশি দুর্যোগে সাধারণ মানুষের জীবন ও সম্পদের ক্ষতি কমিয়ে দীর্ঘমেয়াদি সহনশীলতা গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
