অবিক্রীত নাহিদ রানা, রিশাদের দলে যারা

এসএটোয়েন্টি

অবিক্রীত নাহিদ রানা, রিশাদের দলে যারা

ফন্ট সাইজ:

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লীগ এসএটোয়েন্টির আসন্ন পঞ্চম আসরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে রিশাদ হোসেনের দিকে। প্রথমবারের মতো দেশের কোনো ক্রিকেটার হিসেবে টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন এ টাইগার লেগ স্পিনার। তবে গতির ঝড়ে বিশ্বজুড়ে পরিচিত পেসার নাহিদ রানা নিলামে দল পেতে ব্যর্থ হয়েছেন। বুধবারের নিলামে শেষ পর্যন্ত অবিক্রিত থেকে গেছেন এ টাইগার পেসার।

আগামী ১৭ই জানুয়ারি থেকে ২১শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এসএটোয়েন্টির এবারের আসর। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন সানরাইজার্স ইস্টার্ন কেপ আগেই সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে রিশাদ হোসেনকে। একইভাবে তারা দলে টেনেছে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক মিচেল মার্শকে। দলটির ব্যাটিং কোচের দায়িত্বে আছেন বাংলাদেশের সাবেক কোচ রাসেল ডমিঙ্গো।

শক্তিশালী সানরাইজার্স শিবিরে রিশাদ সতীর্থ হিসেবে পাচ্ছেন কুইন্টন ডি কক, আনরিখ নর্কিয়া, ত্রিস্টান স্টাবস, মার্কো ইয়ানসেন ও অ্যাডাম মিলনের মতো বিশ্বসেরা তারকাদের। এর আগে পাকিস্তান সুপার লীগ (পিএসএল) ও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলা রিশাদের সামনে এবার প্রোটিয়াদের ফ্র্যাঞ্চাইজি লীগে নতুন ইতিহাস গড়ার সুযোগ তৈরি হলো। যদিও এজন্য তাকে পেতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র (এনওসি)।

এদিকে, এসএটোয়েন্টির এবারের নিলামে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন পেসার নাহিদ রানা। তার ভিত্তিমূল্য ছিল ১৫ লাখ দক্ষিণ আফ্রিকান র্যা ন্ড। গতির কারণে অনেকেই তাকে নিয়ে আশাবাদী ছিলেন। তবে শেষ পর্যন্ত নিলামে অবিক্রীত থেকে যান তিনি। এর আগে বিসিবির এনওসি না পাওয়ার জটিলতায় বিগ ব্যাশের প্রস্তাবও ফিরিয়ে দিতে হয় এই তরুণ পেসারকে।

উল্লেখ্য, এবারের নিলামে ৭৮৯ জন ক্রিকেটারের মধ্য থেকে সংক্ষিপ্ত তালিকায় জায়গা পান মাত্র ১৫৬ জন। সবচেয়ে বেশি দামে ২৯ লাখ র্যা ন্ড খরচ করে ১৮ বছর বয়সী দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার জেসন রোলসকে দলে টেনেছে জোবার্গ সুপার কিংস। দক্ষিণ আফ্রিকার বাইরে এখনো তেমন পরিচিতি গড়ে তুলতে পারেননি তিনি। তবে এ তরুণ ক্রিকেটারকে নিজ দেশে দারুণ সম্ভাবনাময় বলে বিবেচনা করা হয়। বাঁহাতি ব্যাটিংয়ের পাশাপাশি বাঁহাতি স্পিনেও বেশ কার্যকর তিনি।

স্বীকৃত টি-টোয়েন্টিতে রোলসের অভিষেক হয় গত রোববার। সিএসএ প্রো-টোয়েন্টি কাপে দক্ষিণ আফ্রিকা ইমার্জিংয়ের হয়ে ৩১ বলে ৪৫ রানের ইনিংসের পাশাপাশি বল হাতে একটি উইকেটও নেন তিনি। যুব ওয়ানডেতে ২৪ ম্যাচে ৪২.৭৫ গড়ে ৮৫৫ রানের মালিক রোলস, নিয়েছেন ১৯টি উইকেট।