গত সপ্তাহে ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকর ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার সন্ধ্যায় টেক্সাসে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সিবিএস নিউজ জানিয়েছে, ৪৬ বছর বয়সী জামাল হাওয়ার্ডের আইনজীবীরা গত সপ্তাহে পাইকের মৃত্যুদণ্ড কার্যকরের সময় ইনজেকশন প্রয়োগে জটিলতার বিষয়টি তুলে ধরে আদালতের কাছে হাওয়ার্ডের মৃত্যুদণ্ড স্থগিতের আবেদন করেন। তবে আদালত তাদের আবেদন নাকচ করে দেয়। পরে হান্টসভিলের স্টেট কারাগারে হাওয়ার্ডকে প্রাণঘাতী ওষুধের ইনজেকশন দেয়া হয়। স্থানীয় সময় রাত ৮টা ৩ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।
২০০০ সালে ডাকাতির সময় টেক্সাসের একটি কনভিনিয়েন্স স্টোরের কর্মীকে হত্যার দায়ে হাওয়ার্ডকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়া হয়। হাওয়ার্ডের আইনজীবীরা যুক্তি দেন, টেক্সাস কর্তৃপক্ষ যে একই ওষুধ দিয়ে হাওয়ার্ডের মৃত্যুদণ্ড কার্যকর করার পরিকল্পনা করেছে, সেটিই পাইকের ক্ষেত্রেও ব্যবহার করা হয়েছিল। ফলে পাইকের মতো হাওয়ার্ডও একই ধরনের ঝুঁকির মুখে পড়তে পারেন। তারা আরও দাবি করেন, টেক্সাসে মজুত থাকা ওই ওষুধের কার্যকারিতা কমে যেতে পারে। পাইকের আইনজীবীরাও একই ধরনের দাবি করেন। হাওয়ার্ডের আইনজীবীদের করা আপিল দুই দফায় আদালত নাকচ করে দেয়। পরে বুধবার রাতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টও তার আপিল খারিজ করে দেয়।
সিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, হাওয়ার্ডের আইনজীবীরা পাইকের বিষয়ে ইঙ্গিত দিয়ে আদালতে যুক্তি দেন, টেক্সাসের টেনেসির পথ অনুসরণ করতে এতটা আগ্রহী হওয়া উচিত নয়। মৃত্যুদণ্ড স্থগিত করা হলে সেটি ঠেকানো সম্ভব হবে। হাওয়ার্ডের আইনজীবীরা রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবটের কাছেও মৃত্যুদণ্ড ৩০ দিনের জন্য স্থগিত করার আবেদন করেন। তাদের উদ্দেশ্য ছিল, মৃত্যুদণ্ড কার্যকরে ব্যবহৃত ওষুধ সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করা। তবে গভর্নর সেই আবেদন মঞ্জুর করেননি।
২০০০ সালে হাওয়ার্ডের বয়স ছিল ২০ বছর। ওই সময় টেক্সাসের একটি কনভিনিয়েন্স স্টোরে কর্মরত ৪২ বছর বয়সী ভিকি সোয়ার্টআউটকে গুলি করে হত্যা করেন তিনি। এরপর দোকান থেকে এক কার্টন সিগারেট ও ক্যাশ রেজিস্টার থেকে ১১৪ ডলার নিয়ে যান। মৃত্যুদণ্ড কার্যকরের আগে শেষ কোনো বক্তব্য আছে কি না জানতে চাইলে সোয়ার্টআউটের পরিবারের কাছে ক্ষমা চান হাওয়ার্ড। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পরিবারের সদস্যরা সাক্ষীকক্ষে বসে তার মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি দেখছিলেন।
হাওয়ার্ড বলেন, আমি আশা করি, আপনারা আমার ক্ষমা প্রার্থনা গ্রহণ করবেন এবং আমাকে ক্ষমা করবেন। যা ঘটেছে, তার জন্য আমি দুঃখিত। আশা করি, একদিন আপনারা আমাকে ক্ষমা করতে পারবেন।
