নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ সুপ্রীম কোর্ট প্রাঙ্গণে রাতে প্রবেশের ক্ষেত্রে স্ব স্ব পরিচয়পত্র সাথে রাখা এবং প্রদর্শনের নির্দেশনা জারি করা হয়েছে। সম্প্রতি সুপ্রীম কোর্ট এলাকায় রাতে অপ্রত্যাশিত ব্যক্তিদের আনাগোনা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সার্বিক নিরাপত্তা জোরদারে এই পদক্ষেপ গ্রহণ করেছে কর্তৃপক্ষ। গত ৬ই অক্টোবর হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে (বিজ্ঞপ্তি নং-৪২৮-এ, স্মারক নং-৯৩১৬) এই নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ সুপ্রীম কোর্ট দেশের বিচার অঙ্গনের সর্বোচ্চ স্থান ও একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। এখানে মাননীয় প্রধান বিচারপতি ও উভয় বিভাগের বিচারপতি মহোদয়গণ বিচার কার্য পরিচালনা করে থাকেন। ফলে বিচারপতিবৃন্দ, মামলা পরিচালনায় নিযুক্ত আইনজীবীগণ এবং গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে সুপ্রীম কোর্টের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। পূর্বেও সুপ্রীম কোর্টে প্রবেশের সময় পরিচয়পত্র বহনের নির্দেশনা ছিল। তবে সম্প্রতি রাতে অনাকাক্সিক্ষত ব্যক্তিদের প্রবেশের বিষয়টি দৃষ্টিগোচর হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, রাত ১১ টা থেকে পরদিন সকাল ৬টার মধ্যে সুপ্রীম কোর্ট এলাকায় প্রবেশের ক্ষেত্রে আবশ্যিকভাবে পরিচয়পত্র সাথে রাখতে হবে। জরুরি প্রয়োজনে উক্ত সময়ে সুপ্রীম কোর্টে প্রবেশ করতে হলে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তলব অনুযায়ী জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।
