কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং তাদের সমর্থকদের বিরুদ্ধে আনুষ্ঠানিক এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। মঙ্গলবার নির্বাচন সদনমুখী মিছিল থেকে আগাম অনুমতি ছাড়াই হঠাৎ দিল্লি আকাশবাণী ভবন চত্বরে ঢুকে পড়ার অভিযোগে তাদের বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নেয়া হয়েছে।
দিল্লির পুলিশ সূত্রে জানানো হয়েছে, মিছিলটি নির্বাচন সদনের দিকে যাওয়ার পথে হঠাৎ দিক পরিবর্তন করে আকাশবাণী ভবনে প্রবেশ করে। আকাশবানী হলো ভারতীয় রাষ্ট্রীয় বেতার সংস্থা। পুলিশের পক্ষ থেকে বার বার ওই স্থান খালি করে দেয়ার অনুরোধ জানানো হলেও তারা সেখানে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখেন। রাহুল গান্ধী ও তার দলের দাবি ছিল, আগে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে সংসদ সদস্যদের একটি প্রতিনিধিদলের বৈঠকের সুযোগ করে দিতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে সেখানে হস্তক্ষেপ করা হয় বলে জানায় পুলিশ।
অবস্থান কর্মসূচীর একপর্যায়ে আকাশবাণী ভবন চত্বর থেকে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে সরিয়ে নিয়ে যায় পুলিশ। পরবর্তীতে তাদের আটক করে নিউ পুলিশ লাইন্সে নিয়ে যাওয়া হয় এবং কিছু সময় পর তাদের মুক্তি দেয়া হয়। অনুমতিহীন সমাবেশ ও সরকারি ভবনে অনুপ্রবেশের দায়েই পরবর্তীতে তাদের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে।
