ইয়েমেনে তীব্র লড়াই হচ্ছে। সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে লড়াইয়ের মধ্যে হুতিরা বুধবার ভোরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরকবোঝাই ড্রোন দিয়ে এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে। ইয়েমেনের পরিবহন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। দেশটির বিভিন্ন ফ্রন্টে যখন লড়াই তীব্র হচ্ছে, তখন সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, তারা সৌদি রাজধানী রিয়াদের উত্তরে একটি হুতি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ধ্বংস করেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইয়েমেনের পরিবহন মন্ত্রণালয় জানায়, কায়রো থেকে আসা একটি ফ্লাইট অবতরণের কয়েক মিনিট আগে একটি ক্ষেপণাস্ত্র বিমানবন্দরের রানওয়ের কাছে গিয়ে আছড়ে পড়ে। কর্তৃপক্ষ ফ্লাইটটির অবতরণ বাতিল করে বিমানটিকে জেদ্দায় ঘুরিয়ে দেয়। আরও হামলার আশঙ্কায় রানওয়েতে থাকা দুটি বিমানকেও ওই এলাকা থেকে সরিয়ে নেয়া হয়। হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে হুতিদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। হুতিদের নিয়ন্ত্রণের বাইরে থাকা ইয়েমেনের বিভিন্ন অঞ্চলের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার হলো এডেন আন্তর্জাতিক বিমানবন্দর। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, তারা রিয়াদের উত্তরে একটি হুতি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ধ্বংস করেছে।
জোটটি বলেছে, তারা হুতিদের নিয়ন্ত্রিত সানার ওপর ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ প্ল্যাটফর্ম শনাক্ত করছে এবং সেটিও ধ্বংস করা হবে। তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য দেয়নি তারা। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে কয়েকটি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে তার সংগঠন। তবে বিমানবন্দরে হামলার বিষয়ে সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি। ইয়েমেনে কয়েকটি ফ্রন্টে লড়াই তীব্র হওয়ার মধ্যেই এসব হামলা হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটির লোহিত সাগর উপকূলের কিছু এলাকায় হুতিরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার পর সৌদি সমর্থিত সরকারি বাহিনী তাদের বিরুদ্ধে পাল্টা অভিযান শুরু করেছে।
এ সপ্তাহে ইয়েমেনের সরকারি বাহিনী সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান সহায়তায় কৌশলগত বাব আল-মান্দেব প্রণালি ও মোখা শহরের আশপাশের লোহিত সাগর উপকূল পুনর্দখলে দ্রুত অভিযান শুরু করে। এতে গত মাসে হুতিদের দখল করা কয়েকটি এলাকা থেকে তাদের সরিয়ে দেয়া হয়েছে। এর আগে বুধবার সৌদি রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, সৌদি নেতৃত্বাধীন জোট দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সৌদি শহর খামিস মুশাইতের দিকে ছোড়া একটি হুতি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ধ্বংস করেছে।
অন্য এক বিবৃতিতে হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে খামিস মুশাইতের আবহা আন্তর্জাতিক বিমানবন্দর এবং একটি বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে হুতিরা। তবে খামিস মুশাইতের কাছে জোট যে ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করার কথা জানিয়েছে, সেটির সঙ্গে এই হামলার কোনো সম্পর্ক রয়েছে কি না তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।
