হুতি বিদ্রোহীদের হাত থেকে মোখা পুনরুদ্ধার করেছে ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত সরকার। সৌদি আরবের সহায়তাপুষ্ট সরকারি বাহিনী তীব্র অভিযান চালিয়ে মোখা শহরের উপকণ্ঠ পর্যন্ত পৌঁছে যায়। তারা গত মাসে দখল করে নেয়া অধিকাংশ এলাকা থেকে হুতিদের পিছু হটতে বাধ্য করে। তবে এর জবাবে সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাবিগের আরামকো তেল শোধনাগারসহ চারটি গুরুত্বপূর্ণ স্থাপনায় একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
ইয়েমেনি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সৌদি জোটের ব্যাপক বিমান সহায়তায় সরকারি বাহিনী মোখা শহরের দিকে দ্রুত অগ্রসর হচ্ছে এবং হুতি যোদ্ধারা পার্বত্য অঞ্চলের দিকে পিছু হটছে। প্রণালির মুখে অবস্থিত ধুবাব জেলার সামরিক বিমানঘাঁটি সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে চলে যাওয়ায় লোহিত সাগরের গুরুত্বপূর্ণ এই জ্বালানি সরবরাহ রুটে হুতিদের একক প্রভাব অনেকটাই শিথিল হয়ে পড়েছে। তবে হুতিরা সৌদি আরবের আভা বিমানবন্দর ও খামিস মুশাইত সামরিক ঘাঁটিতেও হামলা চালানোর দাবি করেছে। এছাড়া সৌদির আকাশসীমায় বিমান চলাচলেও হামলা চালানোর হুমকি দিয়েছে তারা।
এদিকে লোহিত সাগরের উপকূলে সরকারি বাহিনী জয় পেলেও ইয়েমেনের অভ্যন্তরে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে হুতিরা। দেশটির তৃতীয় বৃহত্তম নগরী তাইজের সঙ্গে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি প্রাপ্ত অন্তর্বর্তী রাজধানী এডেনের সংযোগ সড়ক বিচ্ছিন্ন করে দিয়ে প্রায় পাঁচ লাখ মানুষের শহরটিকে অবরুদ্ধ করে ফেলেছে তারা। সংঘাত পুনরুজ্জীবিত হওয়ার পর থেকে দেশটিতে নতুন করে অন্তত ১ লাখ ৮৪ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম)।
