জিয়াউল আহসানের পক্ষে মামলা লড়তে বৃটিশ আইনজীবীর আবেদন

জিয়াউল আহসানের পক্ষে মামলা লড়তে বৃটিশ আইনজীবীর আবেদন

ফন্ট সাইজ:

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনা করতে আবেদন করেছেন বৃটিশ আইনজীবী স্টিভেন কে সি। তিনি বৃটিশ আন্তর্জাতিক অপরাধ ও মানবাধিকার আইন বিশেষজ্ঞ। বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ জহিরুল আমিন। তিনি বলেন, ‘জিয়াউল আহসানের পক্ষে তার আইনজীবী বার কাউন্সিলে এ আবেদন করেছেন। দুপুরের দিকে আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। শুনানির পর এ বিষয়ে ট্রাইব্যুনালের সিদ্ধান্ত জানা যাবে।’

এদিকে, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত শতাধিক গুম-খুনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন মামলার তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তার সাক্ষ্য গ্রহণ চলছে।

গত ৩০ সেপ্টেম্বর মামলার ১৫তম সাক্ষী হিসেবে রফিকুল ইসলামের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। ওই দিন তিনি আংশিক জবানবন্দি দেন। তার বাকি জবানবন্দি গ্রহণের জন্য ৪ অক্টোবর দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল। তবে ওই দিন সাক্ষ্যগ্রহণ না হওয়ায় আজকের দিন ধার্য করা হয়।

প্রসিকিউশন জানিয়েছে, জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা অভিযোগগুলো ১৫ জন সাক্ষীর সাক্ষ্যের মাধ্যমে সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে তারা। তদন্ত কর্মকর্তার জবানবন্দি শেষ হলে মামলাটি যুক্তিতর্কের পর্যায়ে এগিয়ে যাবে। তবে আসামিপক্ষ চাইলে সাফাই সাক্ষ্য দিতে পারবে।

জুলাই হত্যা মামলা: এদিকে, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যা মামলায় যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।