২৭ ইসরাইলি কূটনীতিককে বহিষ্কারের হুমকি বৃটেনের

২৭ ইসরাইলি কূটনীতিককে বহিষ্কারের হুমকি বৃটেনের

ফন্ট সাইজ:

অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত বৃটিশ কনস্যুলেট বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরাইল। জবাবে ইসরাইলের ২৭ জন কূটনীতিককে বহিষ্কারের পাল্টা হুমকি দিয়েছে বৃটেন। ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেট নিউজের বরাতে এ খবর প্রকাশ করেছে আল জাজিরা।
প্রতিবেদনে জানানো হয়, ইসরাইলে নিযুক্ত বৃটিশ রাষ্ট্রদূত সাইমন ওয়াল্টার্স দেশটির কর্মকর্তাদের কাছে এই কঠোর সতর্কবার্তা পৌঁছে দিয়েছেন। পশ্চিম তীরে অবৈধ ইসরাইলি বসতিস্থাপনকারীদের ওপর বৃটেন সম্প্রতি নিষেধাজ্ঞা দেয় ও পণ্য আমদানিতে বিধিনিষেধ আরোপ করে। এর প্রতিশোধ হিসেবে আগামী ৮ই অক্টোবরের মধ্যে পূর্ব জেরুজালেমের বৃটিশ কনস্যুলেটটি বন্ধ করার নির্দেশ দেয় ইসরাইল সরকার।

ইসরাইল তাদের সিদ্ধান্তে অনড় থেকে কনস্যুলেট বন্ধ করলে সেখানে কর্মরত ২৭ জন বৃটিশ কূটনীতিকের কূটনৈতিক মর্যাদা হারাবে। বৃটিশ সরকার সাফ জানিয়ে দিয়েছে, সেখানে থাকা প্রতিজন বৃটিশ কূটনীতিকের বিপরীতে লন্ডনে কর্মরত একজন করে ইসরাইলি কূটনীতিককে নিজ দেশে ফেরত পাঠিয়ে দেয়া হবে।

পূর্ব জেরুজালেমের এই কনস্যুলেটটি মূলত তেল আবিবে অবস্থিত বৃটিশ দূতাবাস থেকে সম্পূর্ণ আলাদাভাবে পরিচালিত হয়। এটি পূর্ব জেরুজালেম, অধিকৃত পশ্চিম তীর ও অবরুদ্ধ গাজার ফিলিস্তিনিদের সঙ্গে বৃটেনের রাজনৈতিক, কূটনৈতিক এবং কনস্যুলার সম্পর্ক রক্ষা ও পরিষেবা দিয়ে থাকে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কনস্যুলেট বন্ধের এই কঠোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য গত সপ্তাহে গোপনে তেল আবিব সফর করেছিলেন বৃটেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েল। তবে সেই আলোচনায় কোনো সমঝোতা হয়নি। তবে দুই পক্ষের আলোচনা অব্যাহত রয়েছে। কূটনীতিকদের বহিষ্কারের এই হুমকির বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ইসরাইলে অবস্থিত বৃটিশ দূতাবাস।