চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। আদালতে ডনের পক্ষে জামিনের আবেদন করেন অ্যাডভোকেট মফিজুল ইসলাম আসলাম। শুনানি শেষে বিচারক আবেদনটি খারিজ করে দেন। এর আগে গত ৯ আগস্ট ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে ডনকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
সেসময়ও তার জামিন আবেদন নামঞ্জুর হয়েছিল। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহের মৃত্যুর পর রমনা থানায় অপমৃত্যুর মামলা করা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৫ সালের ২০ অক্টোবর আদালত ঘটনাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। পরদিন সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর রমনা থানায় হত্যা মামলা করেন।
মামলায় সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা হক, তার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই এবং আশরাফুল হক ডনসহ ১১ জনকে আসামি করা হয়েছে। এজাহারে অজ্ঞাতনামা আরও কয়েকজনের কথাও উল্লেখ রয়েছে। আসামিদের বিরুদ্ধে পূর্বপরিকল্পিতভাবে সালমান শাহকে হত্যার অভিযোগ আনা হয়েছে।
