মারা গেছেন প্রখ্যাত লেখক ও সাবেক রাজনীতিবিদ জেফরি আর্চার

মারা গেছেন প্রখ্যাত লেখক ও সাবেক রাজনীতিবিদ জেফরি আর্চার

ফন্ট সাইজ:

মারা গেছেন প্রখ্যাত লেখক ও সাবেক রাজনীতিবিদ জেফরি আর্চার। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৬ বছর। বিশ্বব্যাপী তার লেখা বিভিন্ন বই প্রায় ৩০০ মিলিয়ন (৩০ কোটি) কপি বিক্রি হয়েছে। আর্চারের বইয়ের প্রকাশক হার্পারকলিন্স জানায়, সোমবার লেখালেখি করার মাঝে হঠাৎ শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণ করেন এই লেখক। আর্চার ১৯৪০ সালের ১৫ই এপ্রিল লন্ডনে জন্মগ্রহণ করেন। তার সর্বশেষ বই ‘অ্যাডাম এন্ড ইভ’ আগামী সপ্তাহে প্রকাশিত হবার কথা ছিলো। গত পরশুদিন তিনি এক পডকাষ্টে গেইলস ব্রান্ডরেথকে বলেছিলেন এই বইটিই তার শেষ বই হতে যাচ্ছে। ‘কেইন অ্যান্ড অ্যাবেল’ ও ‘ক্লিফটন ক্রনিকলস’-এর মতো বিশ্ব কাঁপানো একাধিক বেস্টসেলার উপন্যাসের রচয়িতা তিনি।

১৯৬৯ সালে আর্চার লিঙ্কনশায়ারের লাউথ আসন থেকে প্রথমবারের মতো পার্লামেন্ট সদস্য (এমপি) নির্বাচিত হন। পরবর্তী সময়ে তিনি কনজারভেটিভ পার্টির ডেপুটি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তবে ২০০১ সালে একটি মানহানি মামলায় মিথ্যা সাক্ষ্য ও প্রতারণার দায়ে তার চার বছরের কারাদণ্ড হলে রাজনৈতিক জীবনে বড় ধাক্কা আসে। ২০০৩ সালে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তিনি হাউস অব লর্ডসে ফিরে আসেন এবং ২০২৪ সালে সেখান থেকে অবসর নেন।

মৃত্যুর আগের দিন রোববারও লন্ডনের লিসেস্টার স্কয়ার থিয়েটারে ভক্তদের অটোগ্রাফ দেয়া ও আড্ডায় প্রাণবন্ত সময় কাটিয়েছিলেন এই সাহিত্যিক। জীবদ্দশায় তিনি এবং তার স্ত্রী মেরি আর্চার যৌথভাবে দাম্পত্যের ৬০তম বিবাহবার্ষিকী উদযাপন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও পাঁচ নাতি-নাতনি রেখে গেছেন। জেফরি আর্চারের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন কনজারভেটিভ পার্টির নেত্রী কেমি ব্যাডেনকসহ বৃটেনের সাহিত্য ও রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।