লাওসে বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট সাময়িক স্থগিত

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি

লাওসে বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট সাময়িক স্থগিত

ফন্ট সাইজ:

লাওসে বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট সাময়িক স্থগিত রাখার নির্দেশনা দিয়েছে দেশটির শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয়।  গত ২৮ সেপ্টেম্বর বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে লাওসের এই নির্দেশনার তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লাওসের শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক গত ৯ সেপ্টেম্বর জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন করে বাংলাদেশি নাগরিকদের জন্য শ্রমিক নিয়োগের জন্য কোটা অনুমোদন, শ্রমিক নিয়োগ এবং ওয়ার্ক পারমিট অনুমোদনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। একইসঙ্গে বাংলাদেশি নাগরিকদের শ্রমিক শ্রেণির ভিসা এলএ-বি২ ইস্যু সাময়িকভাবে স্থগিত রাখার বিষয়েও নির্দেশনা প্রদান করা হয়েছে।
এ স্থগিতাদেশ ১ সেপ্টেম্বর ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে— এটাও উল্লেখ করা হয়। 

এরই প্রেক্ষিতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে, এই সময়ে লাওসে গমনে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের কর্মসংস্থানের জন্য সংশ্লিষ্ট কার্যক্রম গ্রহণ ও প্রেরণের ক্ষেত্রে স্থগিতাদেশ যথাযথভাবে অনুসরণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।

এছাড়া লাওস গমনে ইচ্ছুক কর্মীদের কোনো প্রতিষ্ঠানের কাছে পাসপোর্ট জমা না দেওয়া এবং এ সংক্রান্ত কোনোরূপ আর্থিক লেনদেন না করার জন্যও অনুরোধ করা হয় বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওই বিজ্ঞপ্তিতে।