বলসোনারোর চমক, রান অফে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচন

বলসোনারোর চমক, রান অফে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচন

ফন্ট সাইজ:

শেষ হয়েছে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফা। এই দফায় চমক দেখিয়ে বর্তমান ক্ষমতাসীন বামপন্থি প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার থেকে অধিক ভোট পেয়েছেন ডানপন্থি সিনেটর ফ্লাভিও বলসোনারো। বলসোনারো পেয়েছেন ৪৭ ভাগ ভোট অপরদিকে লুলা পেয়েছেন ৪৫ ভাগ ভোট। তবে এককভাবে কোনো প্রার্থীই ৫০ ভাগের অধিক ভোট না পাওয়ায় নির্বাচন গড়িয়েছে দ্বিতীয় পর্বে। আগামী ২৫ অক্টোবর রান অফ বা চূড়ান্ত দফার নির্বাচনে লুলা ও বলসোনারো ফের মুখোমুখি হবেন। এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

নির্বাচনের আগমুহূর্তের জরিপগুলোতে লুলাকে অন্তত ৩ শতাংশ পয়েন্টে এগিয়ে রাখা হয়েছিল। নির্বাচন শেষে দেখা গেছে লুলা উল্টো ২ শতাংশ ভোটে পিছিয়ে রয়েছেন। ফ্লাভিও সাবেক কট্টর ডানপন্থি প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ছেলে। যিনি ২০২২ সালের নির্বাচনে লুলার কাছে হেরে অভ্যুত্থানচেষ্টার দায়ে বর্তমানে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন। ফলাফলের পর উচ্ছ্বসিত ফ্লাভিও বলেন, ‘ব্রাজিল পরিবর্তন চায় এবং আজকের ফলাফল লুলার ওয়ার্কার্স পার্টির যুগের সমাপ্তির ইঙ্গিত দিচ্ছে।’ অন্যদিকে সাউ পাওলোতে সমর্থকদের উদ্দেশে লুলা বলেন, ‘আমরা প্রথম দফায় জয়ের আশা করেছিলাম। তবে কাল থেকেই নতুন করে প্রচারণা শুরু হবে এবং আমরা আমাদের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরব।’ বিশ্লেষকদের মতে, জীবনযাত্রার উচ্চ ব্যয়, জননিরাপত্তাহীনতা ও ক্ষমতাসীনদের দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভকে পুঁজি করেই অপ্রত্যাশিত এই সাফল্য পেয়েছেন বলসোনারো।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অনুসারী হিসেবে পরিচিত লাতিন আমেরিকার কট্টর ডানপন্থি দলগুলোর ধারাবাহিক বিজয়ের ধারায় এবার ব্রাজিলে এই চমক দেখা গেল। ট্রাম্প আনুষ্ঠানিকভাবে কাউকে সমর্থন না দিলেও অতীতে হোয়াইট হাউসে ফ্লাভিও বলসোনারোকে স্বাগত জানিয়েছিলেন। তবে দ্বিতীয় দফার লড়াইয়ে দুই প্রার্থীর সামনেই বড় চ্যালেঞ্জ রয়েছে। দেশটির সরকারি ঋণ জিডিপির ৮২ শতাংশ ছাড়িয়ে যাওয়া ও অর্থনৈতিক প্রবৃদ্ধির শ্লথগতি নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ২৫শে অক্টোবরের মুখোমুখি লড়াইয়ে কে শেষ হাসি হাসবেন, তা নির্ভর করছে বাকি প্রার্থীদের সমর্থন কোন দিকে ঝুঁকে তার ওপর।