আওয়ামী লীগের সাবেক এমপি জাফরের ১৫৫ কোটি টাকার খোঁজ

ফন্ট সাইজ:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি কাজী জাফর উল্লাহ’র ১৫৫ কোটি ১ লাখ ৪২ হাজার ৭০৮ টাকা ও ১৬ হাজার ৫০০ ইউএস ডলারের খোঁজ পেয়েছেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) সেই টাকা অবরুদ্ধ করতে আদালতে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে। রোববার দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে থাকা এসব সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর এবং বেহাত হয়ে গেলে রাষ্ট্রের ক্ষতির সম্ভাবনা থাকায় এই সম্পত্তি অবরুদ্ধকরণের নিমিত্তে আবেদন দাখিলের জন্য কমিশন থেকে অনুমোদন দেয়া হয়েছে বলে জানান তিনি।

২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের ১৮ই সেপ্টেম্বর গুলশান এলাকা থেকে কাজী জাফর উল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

২০২৫ সালের ২রা ফেব্রুয়ারি অর্থ আত্মসাতের অভিযোগে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহসহ ৬ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করে দুদক। এ ছাড়া দুদকের মামলায় চলতি বছরের মার্চে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও হংকং সাংহাই মানজালা টেক্সটাইল লিমিটেডের স্বত্বাধিকারী কাজী জাফর উল্লাহকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত।

অবরুদ্ধের আবেদনে নথিতে কাজী জাফর উল্লাহ’র নামে মেঘনা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকের পিএলসি হিসাবে থাকা অর্থের তথ্য উল্লেখ করা হয়েছে। এসব হিসাবে মোট অর্থ প্রায় ৪৯ কোটি ৭৬ লাখ ৬২ হাজার ২৯৫ টাকার তথ্য জানিয়েছে দুদক।