ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। গতকাল নয়াদিল্লিতে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। খবর বার্তাসংস্থা এএনআই’র। সাক্ষাতে জয়শঙ্কর হামিদুল্লাহ’র ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভকামনা জানান। পাশাপাশি দায়িত্ব পালনকালে তার অবদানেরও প্রশংসা করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক বার্তায় জয়শঙ্কর বলেন, বাংলাদেশের বিদায়ী হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে স্বাগত জানাতে পেরে আনন্দিত।
তার অবদানের প্রশংসা করছি এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভকামনা জানাচ্ছি। অন্তর্বর্তী সরকারের সময় গত বছরের এপ্রিলে ভারতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পান রিয়াজ হামিদুল্লাহ। এর আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন ডাকসাইটে এই কূটনীতিক। দিল্লিতে নতুন হাইকমিশনারের নাম ঘোষণা করেছে ঢাকা। সবকিছু ঠিক থাকলে এ মাসের শেষে নয়াদিল্লিতে বাংলাদেশ মিশনে যোগ দেবেন বর্তমান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। ইতিমধ্যেই তার নিয়োগপত্র অনুমোদন করার কথা জানিয়েছে ভারত সরকার। এদিকে দিল্লি-পর্ব শেষ করে রিয়াজ হামিদুল্লাহ জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে যোগ দেবেন।
