ভারতে আশ্রিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশে বিচারাধীন আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রত্যর্পণে আইনি প্রক্রিয়ার পাশাপাশি দিল্লি সরকারের রাজনৈতিক সদিচ্ছাও জরুরি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তার ভাষ্য, ঢাকার প্রত্যাশা হলো- পলাতক আসামিদের ফেরাতে যে প্রত্যর্পণ প্রক্রিয়া চলমান রয়েছে, তা আরও দ্রুত সম্পন্ন করতে ভারত সরকার নজর দেবে। ভারতের সঙ্গে বাংলাদেশের মধ্যকার প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফেরত আনা সম্ভব বলেও জানান প্রতিমন্ত্রী। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাম্প্রতিক এক বক্তব্যের জবাবে এসব কথা বলেন শামা ওবায়েদ।
শনিবার ঢাকায় অনুষ্ঠিত এক আন্তর্জাতিক অনুষ্ঠানে বক্তব্য দেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তার কাছে এক প্রশ্নকর্তা শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেয়ার বিষয়টি জানতে চান। জবাবে ত্রিবেদী বলেন, ২০২৪ সালে শেখ হাসিনাকে দিল্লিতে অবতরণের অনুমতি দেয়া ছাড়া তাদের সামনে অন্য বিকল্প ছিল না। হাসিনার প্রত্যর্পণ ইস্যুটি আইনি উল্লেখ করে ত্রিবেদী তার সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করেন। বলেন, প্রত্যর্পণের নির্দিষ্ট একটি প্রক্রিয়া রয়েছে।
আর সেই প্রক্রিয়াটি আইনি ও সুসংগঠিত। যা চলমান রয়েছে। ত্রিবেদীর এই বক্তব্যের প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের কাছে ঢাকার মন্তব্য জানতে চান এক সাংবাদিক। জবাবে তিনি বলেন, আইনি প্রক্রিয়ার বিষয় তো রয়েছেই। তবে এর পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছাও থাকতে হবে। শামা ওবায়েদ বলেন, ভারত যে প্রত্যর্পণ প্রক্রিয়া অনুসরণ করছে, তা যেন আরও দ্রুত সম্পন্ন হয়।
